আজ ২৩ এপ্রিল। বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বই দিবস। ১৯৯৫ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এই দিনটিকে প্রথমবারের মতো বিশ্ব বই ও কপিরাইট দিবস হিসেবে ঘোষণা করে। তারপর থেকেই প্রতি বছর ২৩ এপ্রিল আন্তর্জাতিকভাবে বই দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।
এই দিনটি বিশেষভাবে ‘বিশ্ব বই দিবস’ ঘোষণার কারণ এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক উইলিয়াম শেক্সপিয়ার এবং স্পেনীয় সাহিত্যিক মিগুয়েল দে সেরভান্তেস-এর মৃত্যুর দিন। বই পড়ার অভ্যাস গড়ে তোলা, লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, কপিরাইট সুরক্ষা এবং জ্ঞানের বিস্তারের লক্ষ্যে এই দিনটি পালন করা হয়।
ইউনেস্কো প্রতি বছর প্রকাশনা শিল্পের প্রতিনিধিদের নিয়ে একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করে। নির্বাচিত শহরটি সারা বছরব্যাপী বই পাঠ এবং বইয়ের প্রচারে নানা উদ্যোগ ও অনুষ্ঠান আয়োজন করে।