২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক রক্তাক্ত ও গৌরবোজ্জ্বল অধ্যায়। এই যুগান্তকারী অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পাশাপাশি আলেম-উলামা এবং কওমী মাদরাসা শিক্ষার্থীরা অনন্য ও ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। জুলাই বিপ্লবে ৭৭ জন মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন এবং হাজারের অধিক আহত হয়েছেন।
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সংহতি
কওমী আলেমসমাজ বা মাদরাসা শিক্ষার্থীরা নিজস্ব কোনো ফায়দা হাসিলের উদ্দেশ্যে নয়, বরং সব ধরনের জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ইসলামের নীতির সঙ্গে মিল রেখে যৌক্তিক আন্দোলনে শরিক হন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আলেম সমাজের অভিভাবক মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুরের ‘জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম’ ঘোষণার ধারাবাহিকতায় ২০২৪ সালেও রাজপথে রক্ত ঝরিয়েছেন আলেম ও মাদরাসা শিক্ষার্থীরা।