নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিআ দারুল উলূম মতিঝিল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও মুশফিক উস্তায মাওলানা নজরুল ইসলাম সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ৭টা ৫৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৭ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা।
মাওলানা নজরুল ইসলাম সাহেব জামিআ দারুল উলূম মতিঝিলে সুদীর্ঘ প্রায় ২৯ বছর সুনাম, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে দ্বীনি শিক্ষা প্রদান করেছেন। তাঁর কাছ থেকে শিক্ষা গ্রহণকারী দেশ-বিদেশের হাজার হাজার শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী রয়েছেন।
তাঁর ইন্তেকালে জামিআ দারুল উলূম মতিঝিলের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, আলেম-উলামা এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর সকল দ্বীনি খেদমত কবুল করুন, কবরকে নূরে ভরপুর করুন এবং জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন। আমিন।
আইও/