শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮


হজ প্যাকেজ ঘোষণা কবে, কত কমছে খরচ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের হজের সরকারি প্যাকেজ আগামী রোববার বা সোমবার (১৯ বা ২০ জুলাই) ঘোষণা করতে পারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তবে উড়োজাহাজ ভাড়া কমানোর উদ্যোগ থাকলেও সৌদি আরবে সেবামূল্য বৃদ্ধি, বাধ্যতামূলক ক্যাটারিং ব্যবস্থা এবং রিয়ালের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এবার হজের মোট খরচ খুব একটা কমছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে উড়োজাহাজ ভাড়ার চূড়ান্ত প্রস্তাব পাওয়ার পরই হজ প্যাকেজ ঘোষণা করা হবে। এ কারণে গত মঙ্গলবার ও বুধবার দুই দফা ঘোষণার সময় নির্ধারণ করেও তা স্থগিত করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী বছরের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ রাখা হচ্ছে। চলতি বছরের ব্যয়বহুল প্যাকেজ-১ বাতিল করা হচ্ছে। সরকারি প্যাকেজ ঘোষণার পর তার সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি হজ এজেন্সিগুলোও নিজেদের প্যাকেজ প্রকাশ করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর হজের ব্যয় কমানোর উদ্যোগ নেয়। বাংলাদেশ অংশে সবচেয়ে বড় ব্যয় উড়োজাহাজ ভাড়া হওয়ায় সরকার সেটি কমানোর ওপর গুরুত্ব দিয়েছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, শুধু বিমানভাড়া কমলেও সামগ্রিক খরচ উল্লেখযোগ্যভাবে কমছে না। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে—

সৌদি আরবে বিভিন্ন সেবার মূল্য বৃদ্ধি। আগামী বছর থেকে বাধ্যতামূলক কমপ্রিহেনসিভ সার্ভিস চালু। হজ প্যাকেজে বাধ্যতামূলক ক্যাটারিং (খাবার) অন্তর্ভুক্ত হওয়া। রিয়ালের বিপরীতে টাকার অবমূল্যায়ন।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য, সরকারি ব্যবস্থাপনায় এবার খাবারের জন্য জনপ্রতি প্রায় ৪০ হাজার টাকা অতিরিক্ত যোগ হবে। এতদিন সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা নিজ উদ্যোগে খাবারের ব্যবস্থা করতেন।

চলতি বছর হজযাত্রীদের বিমানভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। এবার তা উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমানের পক্ষ থেকে প্রাথমিকভাবে ভাড়া ১ লাখ ৪২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ধর্ম মন্ত্রণালয় আরও কমানোর অনুরোধ জানিয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গত বছরের তুলনায় কমপক্ষে ১৫ হাজার টাকা ভাড়া কমানোর চেষ্টা চলছে এবং বিষয়টি এখনো পর্যালোচনাধীন।

এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্স জনপ্রতি মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয়েছে এবং সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানা গেছে।

সৌদি আরব আগামী বছর থেকে সাশ্রয়ী 'ডি' ক্যাটাগরির সেবা বন্ধ করে দিচ্ছে। পরিবর্তে এ, বি ও সি—এই তিনটি ক্যাটাগরিতে সেবা দেওয়া হবে। পাশাপাশি বাসস্থান ও অন্যান্য সেবার ব্যয়ও বাড়ছে। এছাড়া রিয়ালের দামও বেড়েছে। গত বছর যেখানে এক রিয়ালের মূল্য ছিল ৩২ টাকা ৮৫ পয়সা, বর্তমানে তা ৩৩ টাকার বেশি।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ