নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির ড. এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলেছেন, সব সাংবাদিককে গালিগালাজ করেননি; যারা হলুদ সাংবাদিকতা করেন, তাদের সমালোচনা করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। তাঁর দাবি, সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান নিয়ে যারা নেতিবাচক প্রচারণা চালিয়েছেন এবং বিভিন্ন সময়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, তাঁর সমালোচনা ছিল মূলত তাঁদের বিরুদ্ধে।
ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে আব্বাসী বলেন, অভিযানের উদ্দেশ্য মহৎ ছিল, তবে পিস্তল উঁচিয়ে ঘটনাস্থলে যাওয়ার পদ্ধতি সঠিক ছিল না। তাঁর অভিযোগ, একদল সাংবাদিক অভিযানটিকে ইতিবাচকভাবে তুলে না ধরে নেতিবাচক প্রচারণা চালিয়েছেন।
আব্বাসীর ভাষ্য, গণমাধ্যমকর্মীরা চাইলে মাদকবিরোধী উদ্যোগটিকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারতেন। তাঁদের নেতিবাচক প্রচারণার কারণেই ইশরাক হোসেনকে পদ হারাতে হয়েছে বলে দাবি করেন তিনি।
সাংবাদিকদের নিয়ে নিজের আগের বক্তব্যের ব্যাখ্যায় আব্বাসী বলেন, মাহফিলে সব সাংবাদিককে এক পাল্লায় মাপেননি তিনি। বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে সমাজকে ভুল বার্তা দেন এবং মাদকবিরোধী অভিযান নিয়ে নেতিবাচক প্রচারণা চালান—এমন সাংবাদিকদের বিরুদ্ধেই তাঁর ক্ষোভ ছিল।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আব্বাসী।
ওই মাহফিলে ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অবশ্যই এটা ঠিক। তার পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতিটা খারাপ ছিল, উদ্দেশ্য মহৎ ছিল। কিন্তু একদল সাংবাদিক সেটা নেতিবাচকভাবে প্রচার করেছে।’
সাংবাদিকদের সমালোচনা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করলে মাদকের বিরুদ্ধে ইশরাকের অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। কিন্তু হলুদ সাংবাদিকেরা সেটা করেনি।’ এ সময় তিনি হলুদ সাংবাদিকদের পেটানোর কথাও বলেন, যা নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
মাহফিলে দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিকদের নিয়ে তাঁর মন্তব্যটি সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে আব্বাসী দাবি করেন, তাঁর সমালোচনার লক্ষ্য ছিলেন নির্দিষ্ট কিছু সাংবাদিক, পুরো সাংবাদিক সমাজ নয়।
বক্তব্যের অন্য অংশে রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
আইও/