আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৬ নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে দলবদলের রাজনীতির জন্য আলোচিত-সমালোচিত গোলাম রব্বানী এবার বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন পেয়ে রিকশা প্রতীকের প্রার্থী হয়েছেন।
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির পর এ নিয়ে চতুর্থ দলে যোগ দিলেন তিনি। এ কারণে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে, নারী নির্যাতন ও ভূমি আত্মসাতের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় সব নির্বাচনের আগেই গোলাম রব্বানী নতুন দলে যোগ দেন এবং যেখান থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেখানেই অবস্থান নেন। ফলে তিনি ক্রমশ সাধারণ ভোটারদের কাছে অগ্রহণযোগ্য হয়ে পড়ছেন।