বিশেষ প্রতিনিধি
এবারের নির্বাচনে ইসলামি ও সমমনা আটটি দল প্রতি আসনে ‘একটি বাক্স’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে দলগুলো আসন সমঝোতার কাজ করছে। এ লক্ষে একটি লিয়াজোঁ কমিটি করা হয়েছে। সেই কমিটি দফায় দফায় বৈঠক করে অনেকদূর এগিয়েছে। তবে কিছু আসনের ব্যাপারে একাধিক দল অনড় অবস্থানে থাকায় দেখা দিয়েছে জটিলতা। আসন সমঝোতা নিয়ে সৃষ্ট জট কাটাতে এবার বসছেন দলগুলোর শীর্ষ নেতারা। সেখান থেকে একটি সমাধান আসতে পারে বলে আশা করা হচ্ছে। সেটি চলতি সপ্তাহের মধ্যে সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মাস-দুয়েক একসঙ্গে আন্দোলন করার পর জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ইসলামি ও সমমনা আটটি দল সিদ্ধান্ত নিয়েছে এবারের নির্বাচনে ‘একবাক্স’ নীতি প্রয়োগ করবে। এতে বিএনপির বিপরীতে একটি শক্তিশালী বলয় গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছে দলগুলো। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আসন সমঝোতা করতে গিয়ে হিমশিম খাচ্ছে দলগুলো। ইতোমধ্যে জামায়াত, ইসলামী আন্দোলন সব আসনে প্রার্থী ঘোষণা করেছে। অন্য দলগুলোও বেশির ভাগ আসনে প্রার্থী দিয়েছে। এই অবস্থায় কাকে রেখে কাকে বাদ দেবে-এটা নিয়ে রীতিমতো ঘাম ঝরছে দলগুলোর দায়িত্বশীল নেতাদের।