পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ সীমাবদ্ধ করার পরিকল্পনা করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ ঘোষণা দিয়েছে। ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের এ আহ্বানকে নেতানিয়াহু অনুমোদন দিয়েছেন। এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বিস্তারিত কিছু জানায়নি।
ফিলিস্তিনি প্রতিরোধগোষ্ঠী হামাস এক বিবৃতিতে রোজার মাসে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেছে, ‘এই ঘোষণা পবিত্র মসজিদে প্রবেশের স্বাধীনতার লঙ্ঘন।
’ হামাস এ বিষয়ে রবিবার জানিয়েছে, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের কট্টরপন্থী আচরণ ইহুদিবাদী অপরাধ এবং ধর্মীয় যুদ্ধের প্রতিফলন।’ তারা আরো জোর দিয়ে বলেছে, এই পরিকল্পনার অর্থ, রমজানে ইসরায়েল আল-আকসা মসজিদে আক্রমণ আরো বাড়াবে।