রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

রিয়াদে হামলায় প্রাণ হারালেন তরুণ আলেম মুফতি নাসরুল্লাহ বদর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন বাংলাদেশের তরুণ আলেম ও মাদরাসাশিক্ষক মুফতি মুহাম্মাদ নাসরুল্লাহ বদর। ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করেছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি করেছে।

নাসরুল্লাহ বদরের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। তিনি ঢাকার কামরাঙ্গীরচরের জামেয়া রাবিউল উলূম মাদরাসার শিক্ষক ছিলেন। একজন মেধাবী আলেম ও স্নেহশীল উস্তায হিসেবে পরিচিত নাসরুল্লাহর হাতে গড়ে উঠেছে বহু শিক্ষার্থী।

তাঁর ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্টে পবিত্র কাবা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারকের প্রতি গভীর ভালোবাসা ও আবেগের প্রকাশ পাওয়া যায়। বিশেষ করে বাবরি চুল রাখার পেছনের একটি ব্যক্তিগত অঙ্গীকারের কথা তিনি এক পোস্টে তুলে ধরেছিলেন।

সেখানে তিনি লেখেন, প্রথমবার বাইতুল্লাহ সফরের সময় আল্লাহর কাছে তাঁর আকুতি ছিল—চুল বড় হতে থাকবে, যত দিন না আবারও আল্লাহর ঘরের মেহমান হওয়ার সৌভাগ্য হয়। তাঁর সেই আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল; দ্বিতীয়বারের মতো পবিত্র ভূমিতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি।

সৌদি আরবের উদ্দেশে যাত্রার আগে দেওয়া পোস্টেও তাঁর হৃদয়ের উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার প্রকাশ ছিল। রিয়াদে পৌঁছে প্রিয় বাইতুল্লাহয় হাজির হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু সেই কাঙ্ক্ষিত সফর আর পূর্ণ হলো না। পবিত্র ভূমিতে যাওয়ার পথেই থেমে গেল তাঁর জীবনযাত্রা।

রোববার (১১ অক্টোবর) দুপুরে রিয়াদের বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির একজন নাসরুল্লাহ বদর। নিহত অপর বাংলাদেশি মো. সাহেদ আহমেদ সৌদি আরবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বগুড়ার শাহজাহানপুরে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম জানান, হামলায় গুরুতর আহত আরও চার বাংলাদেশি রিয়াদের কিং খালেদ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ দূতাবাস আহতদের খোঁজখবর রাখছে। নিহতদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত এবং বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হুথি সশস্ত্র গোষ্ঠীর জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি হামলার দায় স্বীকার করে দাবি করেন, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ