নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার প্রবীণ আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সাবেক সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলা সভাপতি, বটগ্রাম হামিদিয়া মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা নুরুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বুধবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় জমিয়তের নেতৃদ্বয় বলেন, আল্লামা নুরুল হক ছিলেন কুমিল্লার দ্বীনি অঙ্গনের অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। কওমি শিক্ষার বিস্তার, হাদিসের দরস প্রদান, দ্বীনের প্রচার-প্রসার এবং আলেম-ওলামার ঐক্য প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তাঁরা বলেন, দীর্ঘ কর্মজীবনে আল্লামা নুরুল হক অসংখ্য আলেম ও দ্বীনি ব্যক্তিত্ব গড়ে তুলেছেন। তাঁর ইন্তেকালে কুমিল্লার দ্বীনি অঙ্গন একজন অভিজ্ঞ অভিভাবক ও বরেণ্য আলেমকে হারিয়েছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় জমিয়তের সভাপতি ও মহাসচিব মরহুমের দ্বীনি খেদমতের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে তাঁর যাবতীয় দ্বীনি খেদমত কবুল, ভুলত্রুটি ক্ষমা এবং তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দানের দোয়া করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, ছাত্র-শিক্ষক ও অসংখ্য ভক্ত-অনুরাগীর প্রতি সমবেদনা জানান এবং তাঁদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
আইও/