
আওয়ার ইসলাম : বিদ্যুৎকেন্দ্র বা উপকেন্দ্রের নাশকতা বা অনিষ্ট সাধন করলে সর্বোচ্চ ১০ বছর ও সর্বনিম্ন ৭ বছরের কারাদণ্ড হবে। একই সঙ্গে ১০ কোটি টাকা জরিমানাও দিতে হতে পারে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জেল-জরিমানার এ বিষয়টি অন্তর্ভুক্ত করে বিদ্যুৎ আইন ২০১৬ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহাম্মদ শফিউল আলম বলেন, নাশকতার উদ্দেশ্যে কেউ বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন, খুঁটি ও সঞ্চালন যন্ত্রপাতিতে অনিষ্ট সাধন করলে সর্বনিম্ন সাত বছর অথবা ১০ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তবে আগে সংঘটিত নাশকতাগুলো এ আইনের আওতায় পড়বে না।
তিনি বলেন, অবৈধ সংযোগের অপরাধে অপরাধীদের দুই বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ, ক্রয়-বিক্রয় ও আমদানি-রফতানি সব ক্ষেত্রেই বেসরকারি খাতের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের সুযোগও বহাল রাখা হয়েছে নতুন আইনে।
এফএফ