শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে: আইনমন্ত্রী সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নওগাঁয় মানববন্ধন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে’  সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

গণমাধ্যমে তথ্য প্রদানে সরকারি হাসপাতালের নিষেধাজ্ঞায় উদ্বেগ টিআইবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা জেলা সিভিল সার্জনের সই করা এক আদেশে সরকারি হাসপাতালগুলোর কোভিড-১৯ মহামারিকালে গণমাধ্যমের কাছে রোগী ও স্বাস্থ্যসেবা-বিষয়ক তথ্য আদান-প্রদানে নিষেধাজ্ঞা দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে অবিলম্বে এই নির্দেশনা বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে সামষ্টিকভাবে মহামারি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রয়াস চালানোর বিপরীতে কাদের স্বার্থে এ ধরনের বিধি-নিষেধ আরোপ করা হলো, তা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা গ্রহণেরও আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

শনিবার দেওয়া এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দেশে বর্তমানে কোভিড-১৯ মহামারির সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে এবং আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রায় প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে। এমন সময় ঢাকা জেলাধীন সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্য ও রোগীর সেবা-বিষয়ক যেকোনো তথ্য গণমাধ্যমের কাছে প্রকাশে বিধি-নিষেধ আরোপ মুক্ত গণমাধ্যম ও অবাধ তথ্য প্রবাহের সাংবিধানিক অধিকার এবং তথ্য অধিকার আইনলব্ধ “তথ্য জানার অধিকার”র পুরোপুরি লঙ্ঘন। একইসঙ্গে, তা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক এবং গণমাধ্যমের অবাধ তথ্য সংগ্রহ ও প্রচারে ইচ্ছাকৃতভাবে বাধা প্রদানের শামিল।’

দেশে কোভিড-১৯ মহামারির সূচনালগ্নেও রাষ্ট্রীয়ভাবে এ ধরনের বিধি-নিষেধ আরোপের চেষ্টা ব্যাপক প্রতিবাদের মুখে বাতিল করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মহামারি নিয়ন্ত্রণে চলা লকডাউনে এমনিতেই সাধারণের জন্য তথ্যপ্রাপ্তির সুযোগ সংকুচিত, সেখানে গণমাধ্যমকে তথ্য না দেওয়ার এমন নির্দেশ মানুষকে স্বাস্থ্যসেবার হালনাগাদ তথ্যপ্রাপ্তি থেকে বঞ্চিত করবে, তেমনি মাঠ পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা ও সীমাবদ্ধতার সত্যিকারের চিত্র পাওয়া কঠিন হয়ে পড়বে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। এখানে প্রশ্ন হচ্ছে, আদেশের সূত্র হিসেবে সিভিল সার্জন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার কথা বলেছেন, তারা কারা? এবং কী উদ্দেশ্যে স্থানীয়ভাবে তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করতে চাইছেন? এটি মহামারি নিয়ন্ত্রণে কী সুফল বয়ে আনবে? সেটি জরুরি ভিত্তিতে পরিষ্কার করতে হবে এবং বারবার এ ধরনের বিধি-নিষেধ আরোপের অশুভ প্রয়াসের চক্র বন্ধে এখনই উদ্যোগ নিতে হবে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ