জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা। একইসঙ্গে দাবি না মানা পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতরা।
জানা যায়, এ সময় তারা, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’সহ নানান স্লোগান দিতে থাকেন।
আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, আমাদের এই কর্মসূচি আমাদের দাবি না মানা পর্যন্ত চলবে। আমরা রাষ্ট্রের সাথে বার বার আলোচনা করেছি, কিন্তু রাষ্ট্র বার বার আমাদের সাথে তালবাহানা করেছে। এখন আমাদের কোন প্রতিশ্রুতি দিয়েও কাজ হবে না, সব প্রতিশ্রুতির বাইরে যেয়ে আমাদের জুলাই সনদ আর ঘোষণাপত্র দিতে হবে। নইলে আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো।