নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু হচ্ছে আজ সোমবার (২৩ নভেম্বর)। তিন দিনব্যাপী এ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রায় ২০ হাজার ফুজালাকে দস্তারে ফজিলত বা সম্মাননা পাগড়ি পরানো হবে। এ উপলক্ষে রাজধানীর ধুপখোলা মাঠে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, গবেষক ও গুণীজনের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে সম্মেলনস্থল।
২৩, ২৪ ও ২৫ নভেম্বর—তিন দিনব্যাপী এ মহাসম্মেলনের আয়োজন করেছে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ। প্রায় আট একর বিস্তৃত ধুপখোলা মাঠে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে সম্মেলনের মূল মঞ্চ, প্যান্ডেল, অতিথিদের অপেক্ষাকক্ষ, তথ্য যাচাই কাউন্টার, পাগড়ি জোন, স্টল মার্কেট, স্বেচ্ছাসেবক ও জরুরি নিবন্ধন কাউন্টার। পাশাপাশি স্থাপন করা হয়েছে মিডিয়া কাউন্টারসহ প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা।
সম্মেলনে অংশ নিতে বিদেশি অতিথিরা একে একে ঢাকায় পৌঁছেছেন। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তান মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি, ভারতের মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি, মাওলানা শাহ হাকিম মাজহার, মাওলানা ফয়সাল নাদিম ও মাওলানা সাইয়িদ আজহার মাদানী। এ ছাড়া মাওলানা ইলিয়াস ঘুম্মান, মাওলানা আওরঙ্গজেব ফারুকি ও দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানীসহ আরও কয়েকজন বিশিষ্ট আলেমের অংশ নেওয়ার কথা রয়েছে।
আজ সোমবার বিকেল ৪টায় শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মুফতি ইমাদুদ্দীন ও মাওলানা হাসান জামিল। প্রথম দিনের আলোচনায় বক্তব্য দেবেন পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল্লাহ খালিদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি এবং জামিয়া ফরিদাবাদের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি আবু সাঈদ। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাদিসের সবক পড়াবেন পাকিস্তানের বিশিষ্ট আলেম শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি।
সম্মেলনের প্রথম দিনেই প্রায় তিন হাজার ফুজালাকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। এ উপলক্ষে ঢাকার বাইরের অনেক ফুজালা ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন। পরবর্তী দুই দিনে পর্যায়ক্রমে অন্য ফুজালাদেরও সম্মাননা পাগড়ি পরানো হবে।
তিন দিনের এ মহাসম্মেলনে আরও উপস্থিত থাকার কথা রয়েছে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরসহ দেশ-বিদেশের বিশিষ্ট আলেম ও অতিথিরা।
আইও/