জুনিয়র, দাখিল ৮ম শ্রেণি, ইবতেদায়ি ৫ম শ্রেণি, জেএস ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ হয়েছে।
গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
এ সময় তিনি জানান, সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মেধা বৃত্তি ৪৫০ টাকা, এককালীন অনুদান ৫৬০ টাকা পাবে। সাধারণ বৃত্তি মাসিক ৩০০ টাকা, এককালীন অনুদান ৩৫০ টাকা হারে বৃত্তিপ্রাপ্ত হবে।
সে সময় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন তার বক্তব্যে বলেন, আজ আমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা, দাখিল ৮ম শ্রেণি, ইবতেদায়ি ৫ম শ্রেণি, জেএস ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এ পরীক্ষায় যারা বৃত্তি অর্জন করেছে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। শিক্ষার্থীরা দেশের গর্ব, ভবিষ্যতের সম্ভাবনা। এই বৃত্তি শুধু একটি পুরষ্কার নয়-এটি মেধা, পরিশ্রম ও অধ্যবসায় এর স্বীকৃতি।
তিনি আরও বলেন, আমি আশাকরি, এই শিক্ষার্থীরা আগামী দিনে দেশের উন্নয়ন, জ্ঞান চর্চা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা এবার বৃত্তি পায়নি তাদেরও আমি নিরুৎসাহিত না হওয়ার আহ্বান জানাই। জীবনে সাফল্যের অনেক সুযোগ আছে চেষ্টা চালিয়ে গেলে নিশ্চয়ই সফল হবে।
তিনি শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার শিক্ষার উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, সারাদেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি শেষ হয়। জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৫টি বিষয়ে (বাংলা-১০০, ইংরেজি-১০০, গণিত-১০০, বিজ্ঞান-৫০, বাংলাদেশ ও বিশ্বপরিচয়-৫০) ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উভয় স্তরে ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় জেএস ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষায় ৫০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় সর্বমোট ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করে। তন্মধ্যে ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
আরও জানা গেছ, পরীক্ষার্থীদের মধ্যে ১৪ হাজার ৭০০ জনকে মেধা বৃত্তি এবং ৩১ হাজার ৫০০ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৬৯ হাজার ৬০৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। তার মধ্যে ৬৩ হাজার ৯৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
আইএইচ/