ইয়াহইয়া ইউসুফ নদভী : মাওলানা মুহিউদ্দীন খান আর নেই। আকাশে বাতাসে বিরহ বাজে। সবখানে বিরহের করুণ ধ্বনি। শোক শোক আবহ। ভেজা ভেজা বাতাস। ফ্যালফ্যাল দৃষ্টি। যেনো এতিমের কান্না-করুণ চাহনি।
তিনি অনেকদিন থেকে শয্যাশায়ী। কথা বলেন আস্তে আস্তে। মাঝে মাঝে বেহুঁশ। এই হাসপাতালে ওই হাসপাতালে ছুটোছুটি। শেষে নিয়ে যাওয়া হলো ল্যাবএইড। এ খবরগুলো কানে আসে আর প্রিয় মহলে অস্বস্তি বাড়ে। অসুস্থতার ছবি চোখ পড়ে আর চোখের কোণে পানি জমে। সেই ভেজা চোখে ভেসে বেড়াতে থাকে ফেলে আসা দিনের কতো স্মৃতি। মদীনাভবনের ওই ছোট্ট অপরিসর কামরাটায়, কতো গিয়েছি। আপন ছেলের মতো সময় দিতেন তিনি। একটুও ব্যস্ততা দেখাতেন না। মনোযোগ দিয়ে কথা শুনতেন আর মিষ্টি হাসির টুকরো মুখে নিয়ে জবাব দিতেন। বিদায়ের সময় বলতেন আপনি আসবেন! আবার আসবেন!
আল্লাহ! তাঁকে সুস্থ করে দাও!
দুই.
কিন্তু তিনি আর সুস্থ হলেন না। প্রিয় রমজানের প্রিয় মুহূর্তে আমাদের এই প্রিয় মানুষটি চলে গেলেন! চলেই গেলেন! দীপ নিভে গেলো। সব যেনো অন্ধকার হয়ে গেলো। কাছের মানুষ কাঁদলো। দূরের মানুষ কাঁদলো। প্রিয়জন কাঁদলো। মদীনা ভবন কাঁদলো। আকাশ কাঁদলো। পরিবেশও কাঁদলো। শোক শোক আবহে সারা ঢাকা, সারা বাংলাদেশ, সারা মুসলিম জাহান ছেয়ে গেলো। সবাই যেনো এতিম। সদ্য বাবাহারা। কাতর চাহনি। ছলছল দৃষ্টি। স্তব্ধ নির্বাক ভঙ্গি। লাশ সামনে নিয়ে দাঁড়িয়ে থাকা নীরব দৃষ্টিরা যেনো বলছিলো—
আর কথা বলবেন না!
আর স্বপ্ন দেখাবেন না!
মদীনাভবনের ওই ছোট্ট কামরাটায় আর আসতে বলবেন না!
ঘণ্টার পর ঘণ্টা সময় দেবে কে এখন আমাদেরকে?
অক্লান্ত?
অবিরক্ত?
মমতাভরা?
স্নেহঝরা?
তিন.
আজ শুক্রবার। আযানের এখনো বাকি। কিন্তু হঠাৎ পাকুন্দিয়ার ছয়চির গ্রামে শোনা গেলো অসময়ের আযানধ্বনি। আযান? কার কণ্ঠে? কার বাড়িতে? উৎসটা এবং কারণটা জানতে কোনো বেগ পেতে হলো না। মাওলানা আনসারুল্লাহ খানের শ্বশুর বাড়ি থেকে একটু আগে ভেসে এসেছিলো আযানের সুমধুর একটা ধ্বনি। অন্যরকম কণ্ঠ। যেনো আনন্দ ঝরে ঝরে পড়ছিলো। কারণ আছে আনন্দের। বাবা আনসারুল্লাহ খানের স্বপ্ন আজ পূরণ হয়েছে! এইমাত্র জন্ম নিয়েছে মায়ের কোল আলোকিত করা এক শিশু। ছেলে। মুহিউদ্দীন। খান।
মানুষ ছুটে আসছে দুআ দিতে। অভিনন্দন জানাতে। মুবারকবাদ বলতে। সবাই বলছে, সুন্দর নাম তো! বাবার হা