সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


হানাফি মাযহাবের বিতরের নামায কি সঠিক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তর : হ্যাঁ, হানাফী মাযহাবের প্রচলিত বিতরের নামায সঠিক ও শুদ্ধ এবং শক্তিশালী হাদীসের আলোকে প্রমাণিত। সহীহ মুসলিম ও সহীহ বুখারী ছাড়াও হাদীসের বিভিন্ন কিতাবে হানাফী মাযহাবের বিতর নামায সম্পর্কিত হাদীস রয়েছে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাবস্থার সঙ্গী বিশিষ্ট ফকীহ সাহাবী হযরত আয়েশা, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, উবাই ইবনে কা’ব, উমর ফারূক, আলী রাযি. প্রমুখ সাহাবীগণ তিন রাকাআত বিতর পড়তেন।

হযরত আলী ও হযরত ইবনে মাসউদ রাযি. এর শিষ্যগণও বিতর নামায তিন রাকাআত পড়তেন। আবুয যিনায রহ. বলেন, আমি মদীনার বিখ্যাত সাত ফকীহ অর্থাৎ সাঈদ ইবনুল মুসাইয়িব, কাসিম, উরওয়া, আবূ বকর, খারিজা, উবাইদুল্লাহ ও সুলাইমানের যুগ পেয়েছি।

তাছাড়া আরো অনেক শাইখকে পেয়েছি যারা ইলম ও তাকওয়ায় অনন্য ছিলেন, তারা সকলে একমত হয়েছেন- বিতর নামায তিন রাকাআত; আর শেষ রাকাআতেই কেবল সালাম ফিরাবে।এভাবে প্রতি যুগেই বিশিষ্ট হাদীস বিশারদ, বিদগ্ধ মনীষী, ফকীহ ব্যক্তিবর্গ তিন রাকাআত বিতর নামায পড়েছেন। নিম্নে বিতর নামায সম্পর্কে বর্ণিত কয়েকটি হাদীস উল্লেখ করা হল-

১.       আবূ সালামা রহ. হযরত আয়েশা রাযি. কে জিজ্ঞেস করেন, রমাযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামায কেমন ছিল? হযরত আয়েশা রাযি. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযানে এবং রমাযানের বাইরে এগারো রাকাআতের বেশি পড়তেন না।

প্রথমে চার রাকাআত পড়তেন। এর সৌন্দর্য্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। তারপর আরো চার রাকাআত পড়তেন। এর সৌন্দর্য্য ও দীর্ঘতা সম্পর্কেও প্রশ্ন করো না। তারপর তিন রাকাআত (বিতর) পড়তেন। (সহীহ বুখারী; হা.নং ১১৪৭, সহীহ মুসলিম; হা.নং ৭৩৮)

২.      হযরত আয়েশা রাযি. বলেন, ইশার নামায শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে দুই রাকাআত নামায পড়তেন। তারপর আরো দুই রাকাআত পড়তেন যা পূর্বাপেক্ষা দীর্ঘ হতো। তারপর তিন রাকাআত বিতর নামায পড়তেন তাতে মাঝে (অর্থাৎ দুই রাকাআত শেষে) সালাম ফিরাতেন না। (মুসনাদে আহমাদ; হা.নং ২৫২২৩)

৩.      হযরত ইবনে আব্বাস রাযি. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আট রাকাআত নামায পড়তেন। তারপর তিন রাকাআত বিতর পড়তেন। (সুনানে নাসায়ী; হা.নং ১৭০৭, সহীহ মুসলিম; হা.নং ৭৬৩)

৪.      হযরত উবাই ইবনে কাব রাযি. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাআত বিতর পড়তেন। প্রথম রাকাআতে সূরা আলা, দ্বিতীয় রাকাআতে সূরা কাফিরূন, তৃতীয় রাকাআতে সূরা ইখলাস পড়তেন এবং রুকূর পূর্বে দুআ কুনূত পড়তেন।