মার্কিন যুক্তরাষ্ট্র এক প্রকাণ্ড ব্যাপার। বিশ্বব্রহ্মাণ্ডে তার চেয়ে প্রকাণ্ড আর কোথাও কিছু নেই। সেখানে যেসব বোমা তৈরি হয় সেগুলো যেমন প্রকাণ্ড, সেখানকার জোড়া দালানে কোনো এক অলৌকিক বিমানঘাঁটি থেকে উড়ে এসে যে ধ্বংসযজ্ঞ হয়, তা–ও প্রকাণ্ড। পৃথিবীর কোথায় যুদ্ধ বাধবে আর কোথায় গৃহযুদ্ধে শান্তিপূর্ণ জনপদ বিধ্বস্ত হবে, তা যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া কারও পক্ষে শুরু করা সম্ভব নয়। সেখানে যে নির্বাচন হয়, তা–ও প্রকাণ্ড ব্যাপার। সেই নির্বাচনের যে প্রচারণা চলে বছর খানেক ধরে, তা–ও এক বিশাল আয়োজন।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখকদের সঙ্গে যোগ দিয়েছেন ভবিষ্যদ্বক্তারা। তাতেও কুলাচ্ছে না। বানর, টিয়া পাখি, মাছ প্রভৃতি প্রাণীকে পর্যন্ত আমেরিকার চার বা আট বছরের জন্য কে নেতা হবেন, তা বলে দেওয়ার জন্য করজোড়ে উৎসাহীরা অনুরোধ করছে। একই বিষয়ে তিনজন যদি তিন রকম বলে, তার একটা না-একটা ফলবেই। জ্ঞান-বিজ্ঞানের একটি চরম উন্নতির সময়ে এ-জাতীয় কর্মকাণ্ড দ্বারা প্রমাণিত হয়, মানুষ আসলে আদিম সংস্কার থেকে বেরিয়ে আসতে পারেনি।
আমেরিকা দেশটি যেহেতু সেরা এবং এই গ্রহের ভাগ্যবিধাতা, তাই সে দেশের যিনি নেতা হবেন, তাঁর থাকবে প্রখর বুদ্ধিমত্তা ও উঁচু মানবিক গুণাবলি—এমনটিই পৃথিবীর মানুষ প্রত্যাশা করে। গোঁয়ার ও স্বেচ্ছাচারী প্রকৃতির লোক আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন এই জন্য যে পারমাণবিক বোমার চাবিটি তাঁর হাতেই থাকে। গত কয়েক দশকে পৃথিবীর বহু দেশের নির্বাচনী ফলাফলের রায় আমেরিকার শাসকেরা অগ্রাহ্য করেছেন। কোথাও অনেকে বিজয়ী হয়েও ক্ষমতা পাননি। ক্ষমতা পেয়েও অনেকে ক্ষমতাচ্যুত হয়েছেন। সবশেষ হতভাগ্য মোহাম্মদ মুরসি এখনো নীলনদের দেশে কোনো কারাগারে পড়ে রয়েছেন। তাঁর বিরুদ্ধে যুবসমাজকে নামিয়ে এক বিক্ষোভ বাধিয়ে সেনাবাহিনীর লোকদের দিয়ে ক্ষমতা কেড়ে নেওয়া হয়। আরব বসন্তের কথা সবাই জানেন। কিন্তু আমেরিকার নেতারা অনুমান করতে পারেননি আরব বসন্তের পরে আমেরিকার বসন্ত শুরু হতে এক দশকের বেশি সময়ের প্রয়োজন হবে না।
আমেরিকার শাসকশ্রেণি ভেবেছিল, অসন্তুষ্ট ও প্রতিবাদী যুবসমাজ শুধু তিউনিসিয়া বা মিসরেই আছে। ওয়ালস্ট্রিট আন্দোলনের পরও তারা আত্মতৃপ্তই ছিল। তারা খুবই ক্ষমতাধর, কিন্তু এই জগতে ক্ষমতাধরেরাও ভুল করে। এবং তাদের ভুলের জন্য চড়া মাশুল গুনতে হয়—তাদের নিজেদেà