আলোর মুখ দেখছে কওমি সনদের স্বীকৃতি বিষয়ে বহু প্রতিক্ষিত শীর্ষ আলেমদের কাঙ্ক্ষিত বৈঠক। জাতীয় ঐক্যের স্বার্থে সব মতের আলেমদের একটি বৈঠকের অাকাঙ্ক্ষা ছিল দীর্ঘ দিনের। রাজধানীতে গত মাসে একরকম একটি বৈঠক হয় হয় করেও পিছিয়ে গেছে। ফলে আকাঙ্ক্ষা তীব্রতর হয়েছে।
আশার কথা হলো, সব আকাঙ্ক্ষার সমাপ্তি ঘটছে শিগগির। ১০ ডিসেম্বর শনিবার চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীতে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে এ বৈঠক।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সোমবার বিকালে আল্লামা আহমদ শফীর ঐক্যের বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন জামিয়া ইকরা বাংলাদেশের মহা পরিচালক আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ। আমন্ত্রণ পেয়েছেন মজলিসে দাওয়াতুল হকের আমীর, যাত্রাবাড়ী জামিয়া মাদানিয়ার প্রিন্সিপাল আল্লামা মাহমূদুল হাসান। এছাড়াও চট্টগ্রামের ইত্তেহাদুল মাদারিসের সভাপতি ও দারুল মা’আরিফের মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী, মহাসচিব ও পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বোখারী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া গহরডাঙ্গা বোর্ডের সভাপতি মুফতি রুহুল আমীন, উত্তরবঙ্গের তানজিমুল মাদারিসিল কওমিয়ার সভাপতি মাওলানা আরশাদ রাহমানী, সিলেটের আযাদ দীনি এদারার সেক্রেটারি মাওলানা আবদুল বাছিত বরকতপুরীসহ কওমি মাদরাসার বোর্ডগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বৈঠকে আলোচনা হবে কওমি সনদের স্বীকৃতি বিষয়ক ঐক্যের ফর্মুলা নিয়ে। তবে কওমি স্বীকৃতি হওয়া না হওয়ার আলোচনার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সব ধারার আলেমদের বৈঠকের বিষয়টি।