
আওয়ার ইসলাম: দেশের শীর্ষ আলেম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে দেশের কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড সমূহের শীর্ষস্থানীয় প্রতিনিধিবৃন্দের এক সভা ১০ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় মহাপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ, তানজিমুল মাদারিস আদ-দ্বীনিয়া বাংলাদেশ, গওহর ডাঙ্গা বেফাকুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর প্রতিনিধিগণ শরীক হন।
সভার শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত শেষে বেফাক সভাপতির প্রেসসচিব মাওলানা মুনির আহমদ গত ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীকে দেওয়া শাহ আহমদ শফীর ৬ পৃষ্ঠার চিঠির কপি পড়ে শোনান। এরপর এই চিঠির আলোকে কওমি বোর্ড প্রতিনিধিগণ নিজ নিজ বক্তব্য পেশ করেন। সভা পরিচালনা করেন, ঢাকা খিলগাঁও মাখজানুল উলূম মাদ্রাসার পরিচালক মাওলানা নূরুল ইসলাম।
বৈঠকে বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফী বলেন, বাংলাদেশের কওমী মাদ্রাসাসমূহ দারুল উলূম দেওবন্দের উসূল তথা নীতি-আদর্শ মতে পরিচালিত হয়। সনদের ইস্যুসহ যে কোন বিষয়ে দেওবন্দের নীতি-আদর্শের পরিপন্থী কোন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, ভারতের দারুল উলূম দেওবন্দ যেভাবে পরিচালিত হয়, সনদের বিষয়ে দারুল উলূম দেওবন্দের নীতিমালা যেরকম, আমরা সেভাবে চলতে চাই। ভারতের দারুল উলূম দেওবন্দ সে দেশের সরকারের সাথে কোনরূপ দাপ্তরিক সম্পর্ক ও নিয়ন্ত্রণ ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের শিক্ষাক্রমসহ সকল কার্যক্রম পরিচালনা করছে। এতদসত্বেও হিন্দু অধ্যুষিত একটা দেশের সরকার স্বতঃস্ফূর্তভাবে দেওবন্দসহ অন্যান্য কওমি মাদ্রাসার সনদকে বিশেষ মর্যাদা দিয়ে থাকে। ভারতের কওমি মাদ্রাসার ছাত্ররা অর্ধেক ভাড়া দিয়ে যাতায়াতসহ সাধারণ শিক্ষক-শ