ইমাম মালিক রহ. এর জীবন কর্ম
মহান ইমামদের চিন্তাধারা ও শরিয়ত বিধিবদ্ধকরণের প্রক্রিয়া এই স্বল্প পরিসরে তুলে ধরা সম্ভব নয়। ইসলামি শরিয়ত বিধিবদ্ধকরণের ক্ষেত্রে কী ধরনের জ্ঞানের গভীরতা, যুক্তি ও জীবনঘনিষ্ঠ চিন্তাধারা অনুশীলন করা হয়েছে তার কিছু নমুনামাত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে।
অনুসন্ধিৎসু পাঠকসমাজকে ইসলামের মননশীলতা ও যুক্তিশীলতা অনুধাবনে সহায়তা করাই আমাদের লক্ষ্য। বিভিন্ন প্রামাণ্য গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করে এ পর্বটি সংকলন করা হয়েছে।
ইমাম মালিক ইবনে আনাস রহ. আরবের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ইসলামের আবির্ভাবের আগে ও পরে আরবে গুরুত্বপূর্ণ সামাজিক মর্যাদার অধিকারী ছিল। এই পরিবারের পূর্বপুরুষরা এসেছিলেন ইয়েমেন থেকে। ইমাম মালিক রহ. ছিলেন মহানবী সা.-এর পূর্ণ অনুসারী। সমগ্র জীবনব্যাপী জ্ঞান-গবেষণা ও মহান আল্লাহর ‘ইবাদত বন্দেগীতে নিয়োজিত ছিলেন। তাঁর ছিয়াশি বছরের জীবন ছিল একটি আলোকোজ্জ্বল জীবন।
নাম ও বংশ :
নাম- মালিক, উপনাম-আবূ আবদুল্লাহ। বংশপরম্পরা- মালিক ইবনু আনাস ইবনু আবূ ‘আমির ইবনু আমর ইবনু হারিস আল আসবাহী। তিনি আরবের প্রসিদ্ধ কাহত্বান গোত্রের উপগোত্র আসবাহ-এর অন্তর্ভুক্ত, এ জন্য তিনি ‘আল আসবাহী’ বলে পরিচিত।
জন্ম ও প্রতিপালন :
ইমাম মালিক রহ. পবিত্র মদীনা নগরীতে এক সম্ভ্রান্ত শিক্ষানুরাগী মুসলিম পরিবারে জন্মলাভ করেন। জন্মের সন নিয়ে কিছু মতামত থাকায় ইমাম যাহাবী রহ. বলেন : বিশুদ্ধ মতে ইমাম মালিক রহ.-এর জন্ম সন হল ৯৩ হিজরী, যে সনে রাসূলুল্লাহ সা.-এর খাদেম আনাস বিন মালিক রা. মৃত্যুবরণ করেনই।
তিনি পিতা আনাস বিন মালিকের কাছে মদীনায় প্রতিপালিত হন। তাঁর পিতা তাবে-তাবেঈ ও হাদীস বর্ণনাকারী ছিলেন, যার কাছ থেকে ইমাম যুহুরীসহ অনেকেই হাদীস বর্ণনা করেন। খুদ ইমাম মালিকও পিতার নিকট থেকে হাদীস বর্ণনা করেন। তাঁর দাদা আবূ আনাস মালিক রহ. প্রসিদ্ধ তাবেঈ ছিলেন, যিনি ওমার, আয়িশা ও আবু হুরায়রা রা. হতে হাদীস বর্ণনা করেন। তাঁর পিতামহ আমির বিন আমর রা প্রসিদ্ধ সাহাবী ছিলেন। এ সম্ভ্রান্ত দ্বীনী পরিবেশে জ্ঞানপিপাসা নিয়েই তিনি প্রতিপালিত হন।