কাসেম বিন আবু বাকার। জনপ্রিয়তায় বাংলাদেশের শীর্ষ ঔপন্যাসিকদের কাতারে রয়েছেন। জীবনের প্রথম উপন্যাস ফুটন্ত গোলাপ যাকে অসামান্য খ্যাতি এনে দেয়। শুধু লেখকের এ উপন্যাসই বিক্রি হয়েছে ২০ লাখ কপি। এরপর লিখেছেন আরও একশ’ বই। বৃহস্পতিবার তার মুগদার লাইব্রেরিতে বসে সাক্ষাৎকারটি নিয়েছেন রোকন রাইয়ান ও আতাউর রহমান খসরু
আওয়ার ইসলাম : আপনার জন্ম কোথায় এবং শৈশব কীভাবে কেটেছে?
কাসেম বিন আবু বাকার: আমার জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। সেখানেই আমার শৈশব কেটেছে। আমি হাওড়া বোর্ড থেকে ম্যাট্রিক পাশ করি। ইন্টারমিডিয়েটে ভর্তি হই শেষ করতে পারি নি। বাবার প্রথম সন্তান হওয়ায় আমাকে সংসারের হাল ধরতে হয়।
আমার শৈশব ছিলো দুরন্ত। বাবা-মা শিক্ষিত হওয়ায় পড়ালেখায়ও খুব মনোযোগী ছিলাম।
আওয়ার ইসলাম : তারপর বাংলাদেশে আসলেন কীভাবে?
কাসেম বিন আবু বাকার : বাংলাদেশ বা তৎকালীন পাকিস্তানে আসার জন্য আমি স্বপ্নে আদিষ্ট হই। ফুরফুরা পীর সাহেবকে আমি স্বপ্নের কথা বললে তিনি বাংলাদেশে আসতে বলেন। তাছাড়া আমাকে দু’বার কলকাতা ও মুরশিদাবাদে গলাকাটতে নিয়ে যাওয়া হয়। কিন্তু সৌভাগ্যক্রমে আমি বেঁচে যাই এবং বাংলাদেশে চলে আসি।
আওয়ার ইসলাম : লেখালেখির সঙ্গে কীভাবে জড়িয়ে পড়লেন?
কাসেম বিন আবু বাকার : পড়ার ঝোঁক পারিবারিকভাবেই পেয়েছি। মা-বাবা শিক্ষিত ছিলেন। পারিবারিক লাইব্রেরিতেই নজিবর রহমান সাহিত্যরত্নের আনোয়ারা উপন্যাস পড়ি এবং সালেহা উপন্যাস পড়ি। বই দুটি আমার খুব প্রিয়। এতে প্রেমের গভীরতা আছে। আমার বইতেও আমি প্রেমের গভীরত্ব দেয়ার চেষ্টা করেছি।
দশ বছর শিক্ষকতার পর আমি মল্লিক ব্রাদার্সে চাকরি নেই। এতে আমার পড়ার সুযোগ আরও বিস্তৃত হয়। দুটো জিনিস আমাকে পীড়িত করে। এক. বাংলা সাহিত্যের বইতে মুসলিম চেতনা, আদর্শ, মূল্যবোধ ও সংস্কৃতির অনুপস্থিতি। দুই. মল্লিক ব্রাদার্স সায়েন্স ও কমার্স-এর বই বেশি করতো। সেখানে ছেলে-মেয়ে যেভাবে আসতো আমি কষ্ট পেতাম। ব্যথিত হতাম।
আমার মনে হলো, আমি ইসলামি সংস্কৃতি ও শিক্ষা শিক্ষিত তরুণ-à