ভালো মা-বাবা'র এক প্রধান বৈশিষ্ট হলো শিশুকে সঠিকভাবে বেড়ে উঠতে সহায়তা করা। তাকে নিজের দায়িত্ব-কর্তব্য-শৃঙ্খলা শেখানো। তবে শাসন করা মানে শুধুমাত্র বকা বা মারা নয়। শৃঙ্খলার মূল লক্ষ্য হওয়া উচিত শিশুর সামগ্রিক উন্নতি। শিশুকে কীভাবে শাসন করবেন তা নিয়ে লিখেছেন খালেদ আহমেদ
নওশীনের বয়স এখন ৬ বছর। ওর বাবা-মা ওকে নিয়ে রীতিমতো নাজেহাল। কোনো কথা শুনতে চায় না, খেতে বললে খায় না, পড়তে বসতে বললে চিৎকার করে কান্না জুড়ে দেয়। স্কুল থেকেও প্রায়ই ওর কাণ্ডকারখানার জন্য নালিশ আসে। বোঝাতে গেলেও বুঝতে চায় না, উল্টো আরও জেদ করে। বুঝতে হবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে, সে দুষ্টুমি করবেই। বেশিরভাগ সময়েই আপনার কথা শুনতে চাইবে না। যা বলবেন তার উল্টোটা করবে, মুখে মুখে কথা বলবে। আর আপনি ভাববেন শিশুকে সঠিক রাস্তায় আনার একমাত্র উপায় তাকে বকা, মারা বা শাস্তি দেওয়া। কিন্তু ভেবে দেখুন তো এ রকম তো কতবার হয়েছে যে বাচ্চা দুষ্টুমি করেছে আর আপনি হয়তো শাস্তিও দিয়েছেন, কিন্তু তাতে কি আপনার শিশু শুধরে গিয়েছে? আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করা শুরু করেছে? মোটামুটি সব বাবা-মায়েরাই এই প্রশ্নের উত্তরে 'না' বলবেন।
আসলে শিশুকে মেরে, বকে বা অন্য কোনো শাস্তি দিয়ে ভালো-মন্দ শেখানো যায় না। শিশুর কী করা উচিত বা কী করা উচিত নয় জানানোই যথেষ্ট নয়। শিশুকে শৃঙ্খলায় আনতে হলে প্রথমে তার মনোভাব বুঝতে হবে। সব শিশুকে একই উপায়ে শাসন করা যায় না। আর আপনি যদি শিশুকে শুধুই শাসন করতে যান, শিশুর কিন্তু আপনার প্রতি নেগেটিভ মনোভাব তৈরি হয়ে যেতে পারে। শাসন নিশ্চয় করবেন তবে তার থেকেও জরুরি হলো শিশুাকে আদর করা। সে যেন কখনও মনে না করে যে, মা-বাবা তাকে ভালোবাসেন না। মনে রাখবেন, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, না আদর, না শাসন। শিশুকে শৃঙ্খলে আনার মূল মন্ত্রই হলো আদর এবং শাসনের সঠিক ব্যালেন্স। শিশুর মধ্যে ভালো অভ্যাস গড়ে তোলার জন্য এবং তাকে শৃঙ্খলাবোধ শেখানোর জন্য মৌখিক নির্দেশের থেকেও বেশি জরুরি বড়দের নিজেদের আচরণ। শিশুরা সাধারণত বাড়ির বড়দের দেখেই কিছু শেখে। সে ক্ষেত্রে শিশুদের কিছু শেখানোর আগে দেখে নিতে হবে যে নিজেদের ব্যবহারে কোনো পরিবর্তন আনা প্রয়োজন কি না। ছোট ছোট আচরণ, যেমন—সময়ের কাজ সময়ে করা, জামাকাপড় ছেড়ে ভাঁজ করে রাখা, ঘর থেকে বেরোনোর আগে আলো-পাখা বন্ধ করা, খাবার নষ্ট না করা ইত্যাদি শিশুর সুঅভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।