ইমরান আনোয়ার
আল-আজহার বিশ্ববিদ্যালয়। জগদ্বিখ্যাত জ্ঞানের রাজদূত ও শতসহস্র বিদ্বানের আঁতুড়ঘর। মিশরকে চেনে না এমন কে আছে; 'আজহার'কে না চেনার মানুষও অঢেল নয়! সহজভাবে বলি; জ্ঞানের আধারে যাদের বিচরণ, সে জ্ঞান হোক জগত-সংসার অথবা পরকালীন শান্তি-সমৃদ্ধির নিগুঢ় শিক্ষা, জ্ঞানের তরুলতা-শাখায় বিচরণকারী প্রতিটি সন্ধানী প্রাণ আজহার-এর প্রেমে মুগ্ধ।
৯৭০ অথবা ৭২ সনে বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র হিসেবে আল-আজহার প্রতিষ্ঠিত হয়। কুরআন এবং ইসলামী আইনশাস্ত্র, যুক্তিবিদ্যা, তর্কশাস্ত্র, পদার্থ, রসায়ন, বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসাশাস্ত্র, এবং চন্দ্রকলাসহ প্রয়োজনীয় সকল বিভাগে এখানকার শিক্ষার্থীরা অধ্যয়নের সুযোগ পান।
দেশ-বিদেশের চার লক্ষাধিক শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে নিজেদের স্বপ্নের গোড়াপত্তন করেন। তার মাঝে রয়েছে বাংলাদেশের আকুল জ্ঞান-অনুসন্ধানকারীরাও। বহুকাল ধরে এ খ্যাতনামা প্রতিষ্ঠানের শিক্ষা-সংস্কৃতির সঙ্গে জুড়ে আছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। ইচ্ছা, অধ্যাবসায়, কিছু করে দেখানোর প্রতিজ্ঞা- এমন অবিচল আকাঙ্ক্ষাগুলো তাদের ভিনদেশি অনেক ছাত্রের চেয়ে মর্যাদাবান করে তুলেছে। কখনো সে সম্মান সবাইকে বিমূঢ় করে দিয়েছে। আজ তেমনই এক গৌরবময় ইতিহাস রচনাকারী মেধাবী শিক্ষার্থীর পরিচয় আপনাদের সামনে তুলে ধরব।
প্রায় বাইশ হাজার বিদেশি ছাত্রের কঠিন প্রতিদ্বন্দ্বিতাকে জয় করে সেরা ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি দুইজন। ১ম জন শরিফ আব্দুল বাসেত ৭ম স্থান অর্জন করেন, ২য় জন ইকবাল হোসাইন পেয়েছেন ৬ষ্ট স্থান। আজ শুনুন শরিফ আব্দুল বাসেতের গল্প।
পরিচয় ও শিক্ষাসনদ
শরিফ আব্দুল বাসেত। পিতা ইঞ্জিনিয়ার আব্দুল বাসেত ভুঁইয়া। নরসিংদী জেলার রায়পুরা থানার দড়িগাঁও গ্রামে তার জন্ম। আট ভাইবোনের মধ্যে পরিবারের দ্বিতীয় সন্তান তিনি। বর্তমানে নরসিংদী সদরের পূর্ব দত্তপাড়ার পারিবারিক আবাসস্থলই তার মূল ঠিকানা। পড়াশোনায় হাতেখড়ি হয় নিজ জেলা নরসিংদীতেই। দারুল উলুম দত্তপাড়া মাদরাসা ও আরেকটি ভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি প্রাথমিক মক্তব ও কুরআন হিফজ সম্পন্ন করেন। অতঃপর নবীà¦