সালটা মনে নেই। মনে রাখার চেষ্টাও করিনি। জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জে হেদায়াতুন্নাহ্ব পড়ি। আশৈশব শিক্ষাগুরু হযরত মাওলানা কুতবুদ্দীন রহ.-এর কামরা থেকে মাদরাসার দক্ষিণ দালানের দিকে কি একটা কাজে যাচ্ছিলাম। সারিবদ্ধ কামরা, আসাতিযায়ে কেরাম বসবাস করেন। কোনার কামরাটার দরজা একটু ফাঁক ছিল। নজর পড়লো ভিতরে। সুবাহানাল্লাহ কি হেরিলাম! শ্বেত শুভ্র বসন, সফেদবর্ণের মাদানী দু’পাল্লা টুপি শিরোপরি ভূষিত। ছোট্ট অবয়বের এক মহান অস্তিত্ব প্রভু সমীপে নিবেদনরত। চোখ বিস্ফোরিত হল। সারাটা কামরাই যেন স্বেতশুভ্র সূচিতায় বিভাময় হয়ে আছে। আলোর ঝটকা প্রভা ছড়াচ্ছে। এত আলোময় মানুষ দেখেছি বলে মনে পড়লো না।
তিনি যে বাহ্যিকভাবে এতটা ফর্সা ছিলেন না সে দিকে আমার নজরও গেলো না। হৃদয়ের তাবৎ নূরময়তায় গাত্রবর্ণ ছিলো উজ্জ্বল। চেহারা দ্যুতিময়।এই ছিলো আপাদমস্তক হাদীস বিশারদ, শব্দের পরতে পরতে ডুব দিয়ে জ্ঞানসমুদ্রের মণিমাণিক্য আহারী সত্তা হযরত মাওলানা কাজী মু’তাসিম বিল্লাহ রহ.-এর সাথে এই অধমের প্রথম দর্শন।
‘ফির তো মর মিটা’ সঁপে দিলাম অজান্তে নিজেকেই। এই অধম বঙ্গভাষা চর্চায় তখন অতি উৎসাহী। বাঙালিত্বের ফযীলত অন্বেষায় উদগ্রীব। ক্রমে প্রতীতি পেলাম হযরত মাওলানাও এ বিষয়ে একান্ত আগ্রহী। কত দিন বলেছেন, বড় কাটারা মাদরাসায় পড়ানোর সময় প্রতিদিন বিকালে গাঁটের পয়সা খরচ করে পাবলিক লাইব্রেরীতে আসতেন আর তারাশঙ্কর, মনোজবসু, শংকর, যাযাবর, বিমলমিত্র, মুজতবা আলীদের গোগ্রাসে গিলতেন।
একদিন বললেন, আজ তিন রাত ঘুমাইনি। বিমলমিত্রের ‘কড়ি দিয়ে কিনলাম’ খতম হলো। এই অধমও একটু আধটু বঙ্গকীর্তন করি। বাবার কাছে মধু কবির মেঘনাদবধ সবে শেষ করে কালিদাসের মেঘদূতের পাঠ নিচ্ছি। রবীন্দ্র-নজরুল তো নস্ব্যি। মনে আর স্বভাবে মিলে গেলো।
অবসরে কাজী হুযূরের কাছে ঘুরঘুর করি। তিনিও হয়তো বনেদী মাদরাসার পরিবেশে এই বঙ্গসন্তান পেয়ে আহ্লাদিত হয়েছিলেন। সে কালে বিষয়টা ছিলো দুর্লভ। তাই নিজেকে উজাড় করে গড়ে পিটে নিচ্ছিলেন অধমকে। তালীম ও সতর্ক তরবিয়্যাতের সেই শুরু। মরণের শেষ তীর্থ পর্যন্ত যা অবিচ্ছিন্ন নিরবধি অব্যাহত ছিলো।
হযরত কাজী হুযূর রহ. ছিলেন à