সৈয়দ ফয়জুল আল আমীন
রাজধানী ঢাকায় সড়ক না বাড়লেও প্রতিনিয়তই বাড়ছে গাড়ির চাপ, বাড়ছে যানজট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গবেষণা অনুযায়ী রাজধানীতে বর্তমানে গাড়ি রয়েছে সাড়ে ১৩ লাখ। এর মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যা সাড়ে ১০ লাখ!
বুয়েট-এর গবেষণা সূত্রে গণমাধ্যমে প্রকাশ, ঢাকার রাস্তায় প্রতিদিন যোগ হয় ২৫০ গাড়ি অর্থাৎ বছরে ৯০ হাজার। এর মধ্যে ৭০ হাজারই ব্যক্তিগত গাড়ি। ফলে ঢাকায় প্রতিদিনই বাড়ছে গাড়ির চাপ, বাড়ছে যানজট।
বিআরটি-এর তথ্যানুযায়ী, রাজধানীতে ৩০ হাজার বাস থাকলে রাজধানীবাসীকে কোনো দুর্ভোগই পোহাতে হতো না। বিআরটিএ’র পরিসংখ্যান বলছে, গত ৮ বছরে এই শহরে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেড়েছে প্রায় দ্বিগুণ।
যানজটের জন্য ব্যক্তিগত গাড়িকে দায়ী করা হলেও এর ব্যবহার প্রতিনিয়ত বেড়েই চলেছে। প্রশ্ন হচ্ছে, বহুল আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৭ এর চ‚ড়ান্ত খসড়ায় ব্যক্তি বা পরিবারপ্রতি গাড়ি সংখ্যা নির্ধারণ করে দেওয়ার বিধান থাকলেও তা কতটা কার্যকর হবে?
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে মানসিক চাপের ১০টি শহরের মধ্যে একটি ঢাকা। যার অন্যতম প্রধান কারণ যানজট। বলা যায়, ব্যক্তিগত গাড়ি বাড়ার কারণেই অসহনীয় মাত্রায় পৌঁছেছে রাজধানীর যানজট। এসব পরিবহনে চলাচল করে মাত্র ৬ শতাংশ মানুষ।
প্রসঙ্গত, ব্যক্তিগত গাড়ির জন্য প্রয়োজনীয় প্রতি ১০ বর্গফুট জায়গাতে মাত্র দুজন মানুষ চড়তে পারেন। অন্যদিকে, গণপরিবহনে একই পরিমাণ জায়গায় বসে ও দাঁড়িয়ে ১৫-১৬ জন যাত্রী চলাচল করতে পারেন। সেই হিসাবে যতসংখ্যক ব্যক্তিগত গাড়ি, তা ঢাকার রাস্তার অর্ধেকের বেশি দখল করে রাখে।
বাকি অংশ থাকে অবৈধ দখলে। কিছু অংশে চলাচল করে গণপরিবহন। ফলে সাধারণ কর্মজীবী মানুষের ভোগান্তি বাড়ছে দিন দিন। যানজটে পড়ে নষ্ট হচ্ছে বিপুল কর্মঘণ্টা।
গত ২৬ জুলাই বিশ্বব্যাংকের এক গবেষণায় বলা হয়- যানজটের কারণে রাজধানী ঢাকায় প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা টাকার অঙ্কে প্রায় ৩০ হাজার কোটি টাকা। এই শহরে এখন ঘণ্টায় গড়ে প্রায় সাত কিলোমিটার গতিতে যানবাহন চলে।
গত ১০ বছর আগেও ঢাকায় যানবাহনের গতি ছিল প্রতি ঘণ্টায় ২১ কিলোমিটার। এভাবে চলতে থাকলে কি আর কিছুদিন পর মানুষ হেঁটেই গাড়ির আগে যেতে পারবে না?<