সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


গহীন রাতের এক রিক্সাওয়ালার গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন : রাত তখন ৩টা। বইমেলায় প্রকাশিতব্য বইয়ের কাজে আগের দিন সন্ধ্যায় বাংলাবাজার গিয়েছিলাম। কাজ শেষে ফিরছিলাম শেষ রাতে। কাজের চাপে রাতে খেতেও পারিনি, খিদে পেয়েছিলো খুব।

রাস্তায় লোকজন নেই। সদরঘাট থেকে যাত্রাবাড়ী যাওয়ার জন্য ছোট ছোট বাস আছে সেগুলো তখনও চালু হয়নি। রিক্সাও নেই। যাত্রাবাড়ী-সদরঘাট, বাংলাবাজার-ইসলামপুর চৌরাস্তা ফুট ওভার ব্রিজের নিচে দেখলাম একজন ভ্যানে করে রুটি নিয়ে দাঁড়িয়ে আছে।

রুটি নিলাম, সাথে হালুয়া। একসাথে অনেক বড় আকারের রুটি। ছিড়ে ছিড়ে দিচ্ছে। এর মধ্যে এক সিএনজি চালক এলো, পনেরো টাকার রুটি ভাজি চাইলো। আমাকে কতো টাকার দিয়েছেন জিজ্ঞেস করলে বললো, পনেরো টাকার। বললাম আরো পাঁচ টাকার দিন। এরই মধ্যে একটি রিক্সা এলো। চালকের বয়স আনুমানিক ৪৫ হবে।

যাবেন যাত্রাবাড়ী। হ্যাঁ। একটু দাঁড়ান। যাত্রাবাড়ী চৌরাস্তা যাবো, চলেন । রিক্সা চলতে শুরু করলো। চুপচাপ কিছুক্ষণ চলার পর গল্প শুরু করলাম। আঙ্কেল আপনার গ্রামের বাড়ি কোথায়? বরিশাল। ঢাকায় থাকেন একাই নাকি পরিবার নিয়ে? সবাইকে নিয়েই থাকি। কোথায় থাকেন? পঞ্চবটি।

কে কে  আছেন বাসায়? দুই ছেলে, স্ত্রী আর আমি। ছেলে কয়জন? তিন ছেলে, কোনো মেয়ে নেই। ছেলেরা কে কোথায় কী করে? আরেক ছেলে কোথায় থাকে? বিয়ে শাদি করিয়েছেন?

বড় ছেলেকে বিয়ে করিয়েছি, বউ নিয়ে মুন্সিগঞ্জে থাকে। মেজো ছেলেকেও বিয়ে করিয়েছিলাম। মেয়ে ভার্সিটিতে পড়ে। বিয়ে দিয়েছিলাম আরো দুই বছর আগে। বিয়ের পর ছেলে বউকে কলেজে ভর্তি করিয়েছিলাম।

দু’বছর আমাদের কাছে থেকেই পড়েছে। কয়েকদিন আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার ছেলে সিএনজি চালায় তো শিক্ষিত মেয়ের এতোদিন পর অশিক্ষিত জামাই পছন্দ হয়নি।

ছোট ছেলে কী করে? স্কুলে পড়ে। তো এতো রাতে আপনি রিক্সা নিয়ে বেরিয়েছেন! আমি রাতেই চালাই। দিনে কী করেন?  দিনে বিশ্রাম করি। সেই পঞ্চবটি থেকে সদরঘাট? সন্ধার আগে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ি। এদিকেই চালাই। রিক্সা এপারেই গ্যারেজে থাক। কোনোদিন মাগরিবের নামাজ পড়ি এখানে এসে আবার কোনোদিন পড়ে আসি।

গড়ে কতো টাকায় আয় হয় প্রতি রাত? ৪০০ থেকে ৫০০/৬০০ টাকার মতো থাকে মালিকের বিল দিয়ে। রিক্সা ভাড়ায় চালান? জি। বড় ছেলে টাকা-পয়সা দেয় না? বড় ছেলে আগে আমাদের সাথেই থাকতো। এখনতো দূরে থাকে। তারও সংসার হয়েছে, বউ বাচ্চা আছে। তারপরও প্রতিমাসে দুই হাজার টাকা দেয়।