সালাহউদ্দীন জাহাঙ্গীর
‘গোলাপজল’ এক বহুমাত্রিক জলের নাম। নানা চরিত্রে সে চরিত্রবান। রং-রূপ-গন্ধ-স্বাদ-ব্যবহারে আমাদের জীবনের সঙ্গে তার সম্পর্ক বেশ জোরালো। গোলাপের বহুরঙা অভিসন্ধির মতো এর ব্যবহারও নানান।
গোলাপ পাপড়ির আত্মদানে তৈরি হয় যে পানীয়, কী এমন রহস্য আছে এ স্বচ্ছ জলের ফোঁটায়। চলুন, জেনে নেয়া যাক গোলাপজলের এক ছিলিম গোলাপী পাঠ।
এক
পহেলা নম্বর গোলাপজলের অস্তিত্ব ইদানীং হুমকির মুখে। এ হলো ছিটানো গোলাপজল। আগে মিলাদ-মাহফিল বা ধর্মীয় কোনো রেওয়াজ-অনুষ্ঠান হলে ছিটানো গোলাপজলের উপস্থিতি ছিলো অবশ্যম্ভাবী।
মিলাদের ‘ইয়া নবি সালাম আলায়কা’ কোরাসের মাঝে সাহেবে দাওয়াত চিড়িক চিড়িক করে গোলাপজল ছিটিয়ে দিতেন। গোলাপজল ছিটানোও সওয়াবের একটা অংশ মনে করা হতো।
ঈদের নামাজে, শবে বরাত-শবে কদরে, কখনো জুমআর নামাজান্তে শিরনি বিলানোর মচ্ছব থাকলে সেদিনও গোলাপজল ছিটানো হতো।
ছোটবেলায় ভাবতাম, গোলাপজলের চিড়িক-ছিটা বড় পুণ্যজল। মিলাদ-মাহফিলের যেখানে গোলাপজলের ছিটা বেশি বর্ষণের সম্ভাবনা, সেদিকে গিয়ে বসতাম। যদি কখনো ছিটা কম পড়তো, ছিটা বিতরণকারীকে বলতাম, এদিকে এদিকে...।
গোলাপজলের ছিটা জামায় পড়লে কেমন একটা পবিত্র পবিত্র ভাব এসে যেত মনের মধ্যে। এখন গোলাপজল ছিটানোর প্রস্তুতি দেখলেই নিজেকে আড়াল করি, দারুণ বিচ্ছিরি লাগে গন্ধটা।
অবশ্য এখন মিলাদ বা ধর্মীয় অনুষ্ঠানে গোলাপজল ছিটানোর দৃশ্য খুব একটা চোখেও পড়ে না।
ছিটানো গোলাপজলের আবশ্যিক উপস্থিতি পাওয়া যায় জানাজায়। জানাজার নামাজে কাতারবন্দী হওয়ার পর মৃতের আত্মীয়-স্বজনরা গম্ভীর মুখে কাতারে কাতারে গোলাপজল ছিটিয়ে দেন। লাশ কবরে রাখার সময়ও গোলাপজল ছিটানোর রেওয়াজ আছে।
তবে গোলাপজলের প্লাস্টিকের বোতল ঘরে আনবার রীতি নেই। নীল বা সাদা রংয়ের প্লাস্টিকের বোতলগুলো পড়ে থাকে সদ্য আলগা মাটির কবরের পাশে। বছরের পর বছর ধরে ওখানেই পড়ে থাকে, যতদিন না নতুন আরেকটা কবর খোঁড়া হয়।
সব মসজিদে নানা উপলক্ষে গোলাপজল জমা হতো। বড় বড় মসজিদে গোলাপজল, আগরবাতি, মোমবাতির স্তূপ জমে যেতো। কিন্তু সময় বদলে গেছে। মসজিদে বিদ্যুত আছে, মোমবাতি জ্বালানোর দরকার হয় না। আগরবাতির গন্ধে দম বন্ধ হয়ে আসে।
আতর, পারফিউম আর বডি স্প্রের যুগে গোলাপজল পাততাড়ি গুটিয়ে আশ্রয় নিয়েছে কেবল উরশ আর মাজারে। যা-ও দু-চার জন মসজিদের দিয়ে যায়, মসজিদের ইমাম-মুয়া