সম্প্রতি বিশিষ্ট লেখক শরীফ মুহাম্মদের একটি দীর্ঘ আত্মজৈবনিক সাক্ষাৎকার নেন জহির উদ্দিন বাবর। সেই সাক্ষাৎকারটির অংশবিশেষ প্রকাশিত হয়েছে লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত লেখকপত্রের তৃতীয় সংখ্যায়। আওয়ার ইসলামে পুরো সাক্ষাৎকারটি পর্যায়ক্রমে গদ্য আকারে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো চতুর্দশ পর্ব
আমার সমসাময়িকদের অনেকেই অত্যন্ত ভালো লেখেন। এক্ষেত্রে আমাকে কয়েকজনের কথা বিশেষভাবে বলতে বললে বলব, আমার বন্ধু, প্রায়-সহপাঠী বলা যায়, মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভীর কথা। লেখায় শক্তিমান, যার লেখায় একধরনের স্বপ্নচারিতা থাকে, একধরনের কারুকাজ থাকে। আমার এক বছরের বড় ফরিদাবাদ মাদরাসায় মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, যার লেখালেখির শুরুর পাঁচ-ছয় বছর বিশেষ কোনো বাঁক বদল ঘটেনি। কিছু অভ্যস্ত গদ্যই আমি দেখেছি। কিন্তু দিন যেতে যেতে, ১০ বছর পার হওয়ার পরে তার গদ্যের মধ্যে একটা অভূতপূর্ব উত্তরণ আমি লক্ষ্য করেছি। আমি এখন বলব, বাংলাদেশে চল্লিশোর্ধ শক্তিমান আলেম লেখক যারা, যাদের গদ্যের আধুনিক টেকনিকটা সবচেয়ে সুন্দরভাবে আসে তাদের মধ্যে মুহাম্মদ যাইনুল আবিদীন একজন।
আমি আমার একটু সিনিয়র ভাই মাওলান উবায়দুর রহমান খান নদভীর কথা বলব। একসময় আমি তাঁর গদ্যের দ্বারা প্রভাবিতও হতাম মুসলিম জাহানের যুগে। ইনকিলাবেও তাঁর কোনো কোনো গদ্য আমাকে মুগ্ধ করেছে। তাঁর গদ্যের মধ্যে সিরিয়াস আবার মুচমুচে ভাব দুটার সমন্বয় ঘটে। আমি খুব প্রভাবিত হই। একসময় আমাকে বলা হতো, তোমার লেখাগুলো কঠিন হয়ে যায়। আবদুল আজিজ আল আমান সাহেবের গদ্যের একটা প্রভাব এবং সিরিয়াস সিরিয়াস প্রবন্ধ পড়ারও একটা প্রভাব ছিল। তখন আমার মনে হতো মুচমুচে বা ঝরঝরে লেখাটা কীভাবে লিখতে পারি, যে লেখাটি পড়তে মজা লাগে। যে লেখাটি পড়তে দেমাগে চাপ বা কষ্ট লাগে না। আমি বেশ কয়েকজনের লেখার পাশাপাশি উবায়দুর রহমান খান নদভীর লেখাগুলির দিকে মনোযোগ দেয়া শুরু করি। অন্য আরও কিছু কলামের দিকেও মনোযোগ দিই। আমি তাঁর প্রতি ঋণ স্বীকার করি।
আমাদের আরেকটু সিনিয়র, একদম সহপাঠী না, মাওলানা হেমায়েত উদ্দীন সাহেব, তাঁর গদ্যও সুন্দর। তিনি যদিও ইলমি ও দীনি জরুরতকে সামনে নিয়ে সুন্দর সুন্দর কিছু পাঠকপ্রিয় কাজ করেছেন, কিন্তু তাঁর সাধারণ ও রম্য গদ্য দেখবেন খুব সুন্দর। মাওলানা ওয়াসেল à