আবু বকর আদনান।।
আমার পড়ার টেবিলে মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীনের আত্মজৈবনিক সাক্ষাৎকারগ্রন্থ ‘হরফে আঁকা জীবন’। প্রচ্ছদে সবুজের গালিচা বিছানো। মাঝখানে বড় বড় অক্ষরে আঁকা বইয়ের নাম। দৃষ্টিনন্দন প্রচ্ছদ। প্রথম দেখাতেই হৃদয়ে ছড়িয়ে পড়ে মুগ্ধতার আবেশ। মনে হয়—বইয়ের কাভার এতোটা চমৎকার হতে পারে! বইটি মাত্রই পড়ে শেষ করলাম। ঘোর এখনো কাটেনি। প্রশ্নত্তোরের সেতুবন্ধনে বইয়ের গল্পগুলো হাত ধরাধরি করে চলে গেছে অনেক দূর। হঠাৎ শেষ হওয়ায় মনে হচ্ছে এতো দ্রুত শেষ হয়ে গেলো!
দুই.
মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন একজন শক্তিমান লেখক ও খ্যাতিমান গদ্যশিল্পী। আমাদের গর্বের ধর্ম ইসলাম এবং প্রাণের শাহেনশাহ হজরত মুহাম্মাদ (সা.) কে উপজিব্য করে যারা বর্তমানে লেখালেখি করছেন, তাদের মধ্যে শীর্ষে আছেন তিনি। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে লেখালেখির ময়দানে তার সরব পথচলা। আশির দশকের শেষ দিকে কলম হাতে নব-সূর্যের মতো জেগে ওঠেছেন তিনি। সেই সূর্য এখন মধ্যগগনে সাধ্যের সবটুকু বিলীন করে আলো বিলিয়ে যাচ্ছে। কালি-কলমের সুদীর্ঘ এই সফরের নানা অভিজ্ঞতা-প্রতিকূলতা, আনন্দ-বেদনার অজনা গল্পগুলো উঠে এসেছে সাক্ষাৎকারের ছত্রে ছত্রে। সাথে সাথে তার ব্যক্তিগত জীবনের দিকগুলো নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। কেমন ছিলো তার সোনালী শৈশব, দুরন্ত কৈশোর, যৌবনের উচ্ছল দিনগুলো। আছে পড়াশোনার পাঠ, কর্মজীবন, বিয়ে-শাদি ও লেখালেখির গল্পও। এককথায় কোন কিছুই বাদ পড়েনি।
বইয়ের বিন্যাসটা হুবহু এমন—স্মৃতির শৈশব, বেড়ে ওঠার কৈশোর, পড়াশোনার সূচনা, গ্রাম ছেড়ে ঢাকায়, দেওবন্দের আঙিনা, লেখালেখির হাতেখড়ি, যাদের লেখায় প্রভাবিত, বর্ণিল কর্মজীবন, সাহিত্য পাঠ, নান্দনিক লেখালেখি, লেখক বন্ধুরা, লেখক সম্মাননা ও পদক, প্রকাশনা ও বইমেলা, রাজনৈতিক ভাবনা, বিয়ে ও পরিবার, তারুণ্যের স্বপ্ন ও নির্মাণ।
তিন.
যারা লেখালেখির মানুষ তাদের জন্য যথেষ্ট পরিমাণ খোরাক রয়েছে এই বইয়ে। বইটি পড়তে গিয়ে মনে হয়েছে বর্তমান তরুণদের লেখালেখি এবং পাঠ সংক্রান্ত বিষয়টি মাওলানা যাইনুল আবিদীনকে অনেক ভাবিয়েছে। তিনি তার মজবুত পাটাতনে দাঁড়িয়ে একে একে বলেছেন তরুণদের সব সমস্যার সমাধান। বইয়ের পাতায় পাতায় রয়েছে নবীনদের জন্য অসামান্য হীরকখণ্ড ও অমূল্য পাথেয়। যা না পড়লে কিছুই বোঝা যাবে না। মনে হবে এটা গতানুগতিà