সুলাইমান সাদী।।
একজন হৃদয়বান বন্ধু। একজন নিবেদিত তরুণ। উদ্যোমী কর্মবীর। স্বপ্নচারী শিক্ষক। যে কোনো পদক্ষেপ গ্রহণে সাহসিকতার পরিচয় দিতে এতটুকুন পিছপা হতেন না হাফেজ মাওলানা শহীদ সাইফুল ইসলাম রহ.। একজন মানুষের চলে যাওয়া যে আমাদের জন্য কতটা শূন্যতা তৈরি করতে পারে সেটা হাড়েহাড়ে টের পাচ্ছি।
সম্প্রতি এক ট্রলারডুবিতে আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীসহ ১৮ জন তরুণ মর্মান্তিকভাবে শহিদ হয়েছেন। গত ৫ আগস্ট নেত্রকোনার মদনে এ ঘটনা ঘটে। আমার বন্ধু, প্রাণাধিক ভাই মাওলানা সাইফুল ইসলাম রহ.-ও সেই জান্নাতি দলের একজন। বলতে কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার রেজামন্দির ওপর সন্তুষ্ট না থেকে কি উপায় আছে?
ময়মনসিং সদরের চরখরিচার মাদরাসায়ে মারকাযুস সুন্নাহর মুহতামিম হাফেজ মাহফুজুর রহমান রহ.-এর নেতৃত্বে এলাকার তরুণ আলেমদের একটি দল মদনের মিনি কক্সবাজার খ্যাত উচিতপুরের হাওড়ে ঘুরতে যান।
উচিতপুর ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার ৪৮ জন পর্যটকসহ যাত্রা করে রাজালীকান্দার রামদীঘা বিলে পৌঁছেতেই এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ জন যাত্রী নিখোঁজ হন। ১৭ জনকে মৃত উদ্ধার করা হয়। ১ জনকে খুঁজে পাওয়া যায়নি। বাকি ৩০ জন তীরে উঠতে সক্ষম হন।
আটটা বছর হয়ে গেছে মাওলানা সাইফুল ইসলামের সঙ্গে আমার পরিচয় ও বন্ধুত্বের। জামিয়া মাদানিয়া বারিধারায় শরহে বেকায়া পড়ার সময় থেকে ওর সঙ্গে আমার ঘনিষ্ঠতা। পড়াশোনা, খাওয়া, পরা, ঘুম, গল্প, ঘোরাঘুরি সব করেছি একসঙ্গে।
আট বছরের দীর্ঘ সময়ে আমার জন্য ও সবসময়ই একটি ছায়াআশ্রয় ছিল। ক্লাসের পড়াশোনাকে কেন্দ্র করেই ওর সঙ্গে বন্ধুত্ব। কিভাবে সেটা বন্ধুত্ব থেকে ভ্রাতৃত্বে পরিণত হয়েছিল বুঝতেই পারিনি। বাকি পড়াশোনার পুরোটা সময়, ফারেগ হওয়ার পরও কয়েক বছর নাগাদ এক মুহূর্তের জন্যও ও আমাকে দূর হতে দেয়নি।
আমি স্বাভাবিকভাবেই একটু অগোছালো ছিলাম। ও আমার সব বিষয়েই খেয়াল রাখত। আমার ক্যারিয়ার নিয়ে সবসময়ই চিন্তা করত। গত একদেড় বছর ধরে দুজনই যার যার ব্যস্ততা নিয়ে মোটামুটি ডুবে আছি। তবু আমাদের দেখা-সাক্ষাত, ফোনালাপ হয়েছে নিয়মিত। ওকে এভাবে হারিয়ে ফেলা আমার জন্য অনেক বড় একটি শূন্যতা। এ শূন্যতা সত্যি পূরণ হবার নয়।
মাওলানা সাইফুল ইসলাম