মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী।।
বাংলাদেশে যে সকল মহান মনীষী নীরবে-নিভৃতে ইলমে হাদিসের শিক্ষাদান করে গেছেন; এমনই একজন নীরব সাধক মাওলানা মুহাম্মদ ইসমাইল টুমচরী রহ.। তিনি লক্ষীপুর জেলার সদর উপজেলাধীন টুমচর গ্রামে ১ মার্চ, ১৯৪৫ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুনসী নূর আহমদ।
তিনি শৈশবে বাড়ির মক্তবেই শিক্ষা জীবন শুরু করেন। মক্তবের শিক্ষা শেষে তাকে নিজ গ্রামের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান টুমচর ইসলামিয়া সিনিয়র মাদরাসায় ভর্তি করা হয়। মাওলানা মুহাম্মদ ইসমাইল টুমচরী রহ. ছোটকাল থেকেই আদব-আখলাকে সচ্চরিত্রের অধিকারী ছিলেন। যারা কারণে তিনি মাদরাসার সকল উস্তাদের নজরদারীতে পড়াশনায় মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হন। এ মাদরাসা হতে তিনি ১৯৫৭ সালে দাখিল, ১৯৬১ সালে আলিম এবং ১৯৬৩ সালে ফাজিল পরীক্ষায় ১ম বিভাগে ১ম স্থান অধিকার করে কৃতিত্বের সাথে পাশ করেন। এরপর তিনি ছারছিনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদরাসায় কামিল শ্রেণিতে হাদিস বিভাগে ভর্তি হন। এ মাদরাসা হতে তিনি ১৯৬৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে কামিল পাশ করেন। তিনি এখানে যুগশ্রেষ্ঠ আলেম, উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা নিয়াজ মাখদুম খোতানী রহ.-এর নিকট হাদিস শিক্ষালাভ করেন।
মাওলানা মুহাম্মদ ইসমাইল টুমচরী রহ. কৃতিত্বপূর্ণ ছাত্রজীবন শেষ করার পর টুমচর ইসলামিয়া সিনিয়র মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতায় তিনি ছিলেন অত্যন্ত যত্নবান। তরুণ শিক্ষক হিসেবে চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। অল্প সময় এখানে শিক্ষকতা করার পর তিনি কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ পীরে কামেল মাওলানা মুহাম্মদ আজীম উদ্দীন আহমদ রহ.-এর আহবানে সাড়া দিয়ে ১৯৬৭ সালে উক্ত মাদরাসায় প্রধান মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। ১৯৮১ সালে তিনি ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে পদোন্নতি পান। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রায় ২৭ বছর তিনি এ মাদরাসায় ইলমে হাদিসের দারস প্রদান করেন।
সারাদেশে ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার অধিকতর সুখ্যাতির কারণ ছিলেন মাওলানা মুহাম্মদ ইসমাইল টুমচরী