আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় মৃতদের দাফন করে ‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি পেয়েছেনঝিনাইদহের নলছিটির তিন আলেম। তাদের নেতৃত্বে পরিচালিত শাবাব ফাউন্ডেশন এর মাধ্যমে করোনায় মৃতদের দাফন কাজ পরিচালনা করতেন তারা।
করোনা কিংবা উপসর্গ নিয়ে মৃত্যু হলে লাশের গোসল, জানাজা ও দাফন নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। প্রতিবেশীদের চাপের মধ্যে গৃহবন্দিও হয়েছেন মৃত ব্যক্তির স্বজনরা। লাশ নিয়ে দুর্বিসহ রাত কাটাতে হয়েছে তাদের। এ অবস্থায় ঝালকাঠির নলছিটিতে নানা প্রতিকূলতা উপেক্ষা করে তাদের পাশে দাঁড়িয়েছেন তিনজন মুফতি ও দুইজন হাফেজের নেতৃত্বে গঠিত শাবাব ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনার দুঃসময়ে লাশ দাফন করে এরই মধ্যে সংগঠনটি ‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি পেয়েছে স্থানীয়দের কাছ থেকে।
জানা যায়, ঝালকাঠি জেলায় শনিবার পর্যন্ত এক হাজার ৫৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। তবে উপসর্গ নিয়ে মারা গেছে শতাধিক মানুষ। মৃত ব্যক্তিদের দাফন কাজ সম্পন্ন করে যাচ্ছে শাবাব ফাউন্ডেশন।
নলছিটির মুফতি জায়নুল আবেদীন, মুফতি হানযালা নোমানী ও মুফতি সাইফুল ইসলামের নেতৃত্বে গঠিত ১৩ সদস্য নিজেদের অর্থ ব্যয় করে এ কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত তারা করোনায় মৃত ১৯ জনের লাশ দাফন করেছেন। এর মধ্যে রয়েছে দুইজন নারীর লাশ। নলছিটি থেকে তাদের যাত্রা শুরু হলেও জেলার যেকোনো স্থানে মৃত ব্যক্তির দাফন করার জন্য প্রস্তুত রয়েছে শাবাব টিম। তবে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর অভাব রয়েছে তাদের। পর্যাপ্ত পিপিইসহ সুরক্ষা সামগ্রীর দাবি জানিয়েছে টিমের সদস্যরা।
করোনা দুঃসময়ে মৃত ব্যক্তিদের লাশ দাফনে এগিয়ে আসায় শাবাব ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মৃতের স্বজনরা।
শাবাব ফাউন্ডেশনকে সহযোগিতা করে যাচ্ছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়ে সংগঠনকে কাজ করার উৎসাহ দিচ্ছেন অনেকেই। করোনাকালে মৃতের লাশ দাফন করে মানবতার ফেরিওয়ালা উপাধি পাওয়া তিনজন মুফতির নেতৃত্বে শাবাব ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করবে এমনটাই প্রত্যাশা সবার।
