সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


হবিগঞ্জ শহরে যানজট বাড়াচ্ছে টমটম ভাড়া নিয়ে বাকবিতণ্ডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ হবিগঞ্জ।।।।

হবিগঞ্জ শহরে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে যানজট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততম সবকয়টি সড়কে যানজট লেগেই থাকছে। এর অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে ব্যাটারী চালিত টমটম। ফলে অফিস আদালতের কর্মকর্তা-কর্মচারী এমনকি শিক্ষার্থীরাও সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছে না।

অতিরিক্ত টমটম চলাচলের পাশাপাশি চালকদের সাথে ভাড়া নিয়ে বাকবিতন্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটছে। এ ছাড়া যত্রতত্র টমটম রাখা, চলতি সড়কে হঠাৎ ঘুরানোসহ নানা কারণে মোড়ে মোড়ে জটলার সৃষ্টি হচ্ছে। যা নিয়ন্ত্রন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। সেই সাথে ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনাও। হবিগঞ্জ পৌরসভা সুত্রে জানা গেছে, হবিগঞ্জ পৌরসভায় অনুমোদন পাওয়া টমটমের সংখ্যা ১৩০০টি।

তবে বাস্তব পরিসংখ্যান বলছে বৈধ এবং অবৈধ মিলিয়ে এর সংখ্যা ৫/৭ হাজারের ওপরে। যার দুই তৃতিয়াংশই চলাচল করছে শহরের প্রধান ও বেকরোডসহ বিভিন্ন সড়কে। যদিও বৈধ এবং অবৈধ টমটম চিহ্নিত করতে পৌরসভা অনুমোদিত টমটম গুলোতে হলুদ রঙ করে দিয়েছে।

কিন্তু কাজে আসেনি নিয়মিত তদারকি না করার কারণে। অভিযোগ পাওয়া গেছে, অনেক অবৈধ টমটম মালিকরা পৌরসভার ১টি নম্বর প্লেট সংগ্রহ করে জাল বানিয়ে দুই থেকে ৩টি ব্যবহার করছে। এছাড়া নতুন বছরের শুরু থেকেই হবিগঞ্জ শহরের অধিকাংশ টমটম চালকরা নিজেদের ইচ্ছে মতো ভাড়া আদায় করছে। গত বছর প্রধান সড়ক ভাঙ্গা থাকা ও করোনার কারণে ৫ টাকার জায়গায় ১০-১৫ টাকা করে আদায় করা হয়েছিলো। ফলে যাত্রীদের সাথে একের পর এক বাকবিতন্ডাসহ মারামারির ঘটনা ঘটে। যা নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে আলোড়ন তৈরি হয়।

বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়া হয় পৌরসভার পক্ষ থেকে। মাইকিং করে শহরের শায়েস্তানগর বাজার থেকে চৌধুরী বাজার এবং চৌধুরী বাজার থেকে পৌর বাস টার্মিনাল পর্যন্ত সরাসরি একজন যাত্রীর জন্য ১০ টাকা, আর উঠানামা ৫ টাকা ঘোষণা দেয়া হয়। জানা যায়, মাইকিং অনুযায়ী শায়েস্তানগর বাজার অথবা সিএনজি স্টেশন থেকে মোদক ফার্মেসি পর্যন্ত এবং বেবিস্ট্যন্ড থেকে বৃন্দাবন কলেজ হোস্টেল পর্যন্ত ৫ টাকা ভাড়া হবার কথা থাকলেও চালকরা নিজেদের মর্জিমতো উঠানামার ক্ষেত্রেও ১০ টাকা করে চাচ্ছে। বিশেষ করে নারী যাত্রীরা এখন টমটমে উঠে ৫ টাকা ভাড়া দিতে পারছেন না।