ভারত ও পাকিস্তান থেকে আরও ১ লাখ টন চাল আমদানি করছে সরকার। এছাড়া ৫টি গ্যাস কূপ খননে কাজ পেয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। একই সঙ্গে ভোজ্য তেল, সার আমদানি ও অন্যান্য কেনাকাটায় ২২টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে ব্যয় হবে ৪ হাজার ৩৬৯ কোটি ৬৫ লাখ টাকা।
আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক শেষে জানানো হয়, দুটি পৃথক প্রস্তাবে ভারত ও পকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানি করা হবে। এর মধ্যে ২১৭ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধচাল সরবরাহ করবে ভারতীয় প্রতিষ্ঠান ‘মেসার্স পট্টভি এগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড’। আর পাকিস্তান থেকে ২৪১ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার আতপ কেনা হবে জি-টু-জি’র আওতায়। এটি সরবরাহ করবে ‘ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান’। এর আগেও কয়েক দফায় এই দুই থেকে চাল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।