নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে শুরু হওয়া ভিডিও বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ার পাশাপাশি দাবিকৃত দ্বিতীয় বিয়ের তথ্য নিয়েও নতুন প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে বিয়ের দাবিকৃত তারিখের পরের একটি বায়োডাটায় সংশ্লিষ্ট নারীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ২০ সেকেন্ড দৈর্ঘ্যের একটি নতুন ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে একটি কক্ষে গাজী নজরুল ইসলাম ও এক তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। টেবিলের ওপর রাখা একটি পরিচয়পত্রে ‘বাংলাদেশ পার্লামেন্ট’ ও ‘১৩তম পার্লামেন্ট’ লেখা এবং গাজী নজরুল ইসলামের ছবি, নাম ও সংসদ সদস্য পরিচয় দৃশ্যমান রয়েছে।