আন্তর্জাতিক ডেস্ক
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনে সড়ক সম্প্রসারণের নামে শাহি মসজিদ ভেঙে ফেলার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভকারী মুসলিমদের প্রতি সংহতি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি।
উজ্জয়িনের মুসলিমদের শান্তিপূর্ণ প্রতিবাদের প্রশংসা করে ওয়াইসি বলেন, ‘আমি তাদের সালাম জানাই, যারা গান্ধীর পদ্ধতিতে প্রতিবাদ করছেন। এভাবে আপনারা মসজিদ ভেঙে দিতে পারেন না।’
তিনি বলেন, নতুন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সংসদে আলোচনার সময়ই তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, জেলা প্রশাসক ও সরকারকে দেওয়া ক্ষমতা ব্যবহার করে মসজিদ, দরগাহ, খানকাহ, কবরস্থান ও ঈদগাহ মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
ওয়াইসির ভাষ্য, ‘আমি সংসদেও বলেছিলাম, নতুন ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে জেলা প্রশাসক ও সরকারকে যে ক্ষমতা দেওয়া হচ্ছে, তার উদ্দেশ্য মসজিদ, দরগাহ, খানকাহ, কবরস্থান ও ঈদগাহ মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া। আজ উজ্জয়িনে যা ঘটছে, তাতে বিষয়টি স্পষ্ট হয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই সংশোধনীর উদ্দেশ্য ওয়াকফকে রক্ষা করা ছিল না।’
উল্লেখ্য, সড়ক সম্প্রসারণের নামে উজ্জয়িনের শাহি মসজিদ ভেঙে ফেলার উদ্যোগের প্রতিবাদে স্থানীয় মুসলিমরা বিক্ষোভ করেন। বিপুলসংখ্যক মানুষ মসজিদের ভেতরে ও বাইরে জড়ো হয়ে প্রতিবাদ জানান। এ সময় মসজিদ রক্ষার দাবি তোলেন তারা। সূত্র: মিল্লাত টাইমস উর্দু
এসএইচ/