সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য, নাট্যকলা, সংগীত ও চারুকলা চালুর সিদ্ধান্ত বাতিল করে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরাম।
শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর পল্টনে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন খান এ দাবি জানান।
সভায় তিনি বলেন, দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য, নাট্যকলা, সংগীত ও চারুকলা চালুর সিদ্ধান্ত সরকারের জন্য নেতিবাচক ফল বয়ে আনতে পারে। তিনি দাবি করেন, ধর্মীয় চেতনার আলোকে বেড়ে ওঠা শিক্ষার্থীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এ সিদ্ধান্ত বাতিল করে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা উচিত।
সভায় জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আবদুস সবুরের সঞ্চালনায় অধ্যাপক নাসির উদ্দীন খান আরও বলেন, মন্ত্রণালয়ের ভেতরে থাকা বিগত সরকারের অনুসারীরা কোনো পরিকল্পিত উদ্দেশ্যে সংস্কৃতির নামে অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কি না, তা সরকারকে খতিয়ে দেখা প্রয়োজন।
কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নেছার উদ্দীন বলেন, খেলাধুলা শিক্ষাসহায়ক কার্যক্রম হিসেবে চালু থাকতে পারে, তবে তা বাধ্যতামূলক করা উচিত নয়। ধর্মীয় বা ব্যক্তিগত কারণে কেউ অংশ নিতে না চাইলে তাকে বাধ্য করা যৌক্তিক হবে না বলেও তিনি মন্তব্য করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. কামরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আল আমীন, সাংগঠনিক সম্পাদক কে এম জাহিদ তিতুমীর, অর্থ সম্পাদক আজাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর অঞ্চল) ডা. মহিউদ্দিন মোল্লা, পলিটেকনিক ও ভোকেশনাল কলেজ বিষয়ক সম্পাদক মাওলানা রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) সুমন মিয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রতিনিধি/আইও