সিলেটে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার পর হত্যার ঘটনায় করা মামলায় আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ওবায়দা এ রায় ঘোষণা করেন।
গত মে মাসে ওই হত্যাকাণ্ডের ৯০ দিনের মধ্যে বিচারকাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বদরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, মামলার প্রধান আসামি ছিলেন জাকির হোসেন। রায় ঘোষণার সময় জাকির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তাঁর দুই ভাইও মামলায় অভিযুক্ত ছিলেন। তবে বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না থাকায় আদালত তাঁদেরকে খালাস দিয়েছেন। মামলায় মোট ১৭ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।