রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি আবাসিক ভবনে জমে থাকা গ্যাস থেকে সেপটিক ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় তিন ফার্নিচার শ্রমিক দগ্ধ হয়েছেন।
বুধবার (১ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিটের একটি সাততলা ভবনের নিচতলায় এ-দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।
দগ্ধরা হলেন—রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)। তাদের মধ্যে রানার শরীরের ৬৩ শতাংশ, জুয়েলের ৩০ শতাংশ ও পারভেজের শরীরের ২১ শতাংশ দগ্ধ হয়েছে।
তাদের মধ্যে রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে বার্ন ইউনিটের অবজারভেশনে (পর্যবেক্ষণে) রাখা হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রাজিব জানান, রাতে কাজ শেষে তারা কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের ওই সাততলা ভবনের নিচতলায় অবস্থান করছিলেন। তখন জমে থাকা গ্যাস থেকে সেপটিক ট্যাংকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা তিনজনই গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ তিন যুবককে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। একজন আইসিইউতে রয়েছেন।
আওয়ার ইসলাম/জেডএম
