নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান, বিশেষ করে গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাওয়াকে উদ্বেগজনক উল্লেখ করে এর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (৩ জুলাই) এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গাজীপুর বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র। এখানকার শিল্পকারখানাগুলোতে লাখো শ্রমিকের কর্মসংস্থান রয়েছে। ফলে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়া শুধু উৎপাদন খাতেই নয়, কর্মসংস্থান, সামাজিক স্থিতিশীলতা এবং সামগ্রিক অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি বলেন, সরকারকে জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্ত করে কারখানা বন্ধের প্রকৃত কারণ বের করতে হবে। এর পেছনে কোনো দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ড রয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গত এক সপ্তাহে ১৩টি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাওয়া সত্যিই উদ্বেগজনক। প্রাথমিকভাবে কাঁচামালের মূল্যবৃদ্ধি, গ্যাস ও বিদ্যুতের সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলন ও অসন্তোষও কয়েকটি কারখানা বন্ধ হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। তবে এসব কারণের পাশাপাশি অন্য কোনো ষড়যন্ত্র বা দুরভিসন্ধি রয়েছে কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, যেসব কারখানা বন্ধ হয়েছে, সেসব প্রতিষ্ঠানের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি।
আওয়ার ইসলাম/জেডএম
