ইহুদিবাদী ইসরাইলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালালে ফিলিস্তিনিরা এই উপত্যকাকে দখলদার সেনাদের জন্য কবরস্থানে পরিণত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম শনিবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্য এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “আমাদের বিজয় ছাড়া অন্য কোনো পথ নেই এবং দখলদারদের পরাজয় ছাড়া অন্য কোনো উপায় নেই।” ইসরাইলিদের কোনো অপরাধই বিনা জবাবে পার পাবে না বলেও তিনি সতর্ক করে দেন।
হিজবুল্লাহর এই সিনিয়র কর্মকর্তা বলেন, শত্রুরা আজ প্রতিরোধ অক্ষের সক্ষমতা নিয়ে আতঙ্কে রয়েছে। তিনি ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের ভূয়সী প্রশংসা করে বলেন, ওই অভিযান ছিল ‘ইসরাইল নামক কফিনে একটি পেরেক।’