আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার একাংশের সঙ্গে শান্তিচুক্তি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই চুক্তিতে রাখা হয়েছে দেশটির আসাম রাজ্য সরকারকেও।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিল্লিতে এই ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। এই চুক্তির খবর আন্তর্জাতিকভাবেও গুরুত্ব পেয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই চুক্তিকে ‘ঐতিহাসিক চুক্তি’ বলে অভিহিত করেছে।
চুক্তি সই করার সময় ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) একটি অংশের নেতারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মধ্য দিয়ে উত্তর-পূর্ব ভারতে উত্তেজনা কমবে বলেই মনে করা হচ্ছে।
যদিও চুক্তির বিস্তারিত তথ্য জানানো হয়নি, তবে এতে অবৈধ অভিবাসন, আদিবাসীদের ভূমির অধিকার ও আসামের উন্নয়নে বিশেষ প্রণোদনার উল্লেখ আছে বলে জানা গেছে।