পূর্বঘোষণা অনুযায়ী নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল- তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ও মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের প্রধান উদ্যোক্তা হুমায়ুন কবির। নতুন এই দলের নাম- ‘জনতা উন্নয়ন পার্টি’। দলের পতাকার রং হবে- হলুদ, সবুজ এবং সাদা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। প্রকাশ করেন দলের ইস্তাহারও। দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছেন বেশ কিছু আসনে। নিজে লড়বেন ভরতপুর ও রেজিনগর আসনে।
হুমায়ুন কবির দাবি করেছেন, তার দল ১৩৫টি আসনে প্রার্থী দেবেন। এর মধ্যে তার লক্ষ্য হবে ৯০টি আসনে জেতা। এমনকি হুমায়ুন কবির দাবি করলেন, তার দল বিজিপির শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী দেবেন।