আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ায় হজের অপেক্ষমাণ তালিকা নিয়ে বড় ধরনের তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে। প্রায় ৫৭ লাখ মানুষের তালিকা যাচাই করে ৪ লাখের মতো ভুল বা অবৈধ তথ্য শনাক্ত করেছে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। এসব তথ্য বাদ দিয়ে তালিকা হালনাগাদ করা হলে হজের জন্য অপেক্ষার গড় সময় ২৬ বছর থেকে কমে ১৪–১৫ বছরে নেমে আসতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার হজ ও উমরাহবিষয়ক উপমন্ত্রী দাহনিল আনজার সিমাঞ্জুনতাক জানান, অপেক্ষমাণ হজযাত্রীদের তথ্য যাচাইয়ের সময় প্রায় ৪ লাখ তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে। এর মধ্যে ভুল বা অকার্যকর তথ্য থাকতে পারে। সেগুলো যাচাই করে তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে।