শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

দিল্লির মসজিদ উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রেসকোর্স মসজিদ উচ্ছেদের নোটিশকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।

বোর্ডের মুখপাত্র ড. সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস বলেছেন, কেন্দ্রীয় সরকারের ভূমি ও উন্নয়ন দপ্তর (এলঅ্যান্ডডিও) মসজিদটি উচ্ছেদের যে নোটিশ দিয়েছে, তা ঐতিহাসিক নথিপত্র ও মসজিদটির আইনগত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি দাবি করেন, মসজিদটির ঐতিহাসিক অস্তিত্ব ও বৈধতার পক্ষে একাধিক সরকারি নথি রয়েছে। নতুন দিল্লি পৌর কাউন্সিলের (এনডিএমসি) ঐতিহাসিক স্থাপনার তালিকা, ওয়াক্ফের নথি এবং ১৯৭৭ সালের দিল্লি গেজেটেও মসজিদটির উল্লেখ রয়েছে। ভারতের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এর সম্পত্তি-সংক্রান্ত পরিচিতি রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া মসজিদটিকে প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে দাবি করেন বোর্ডের এ মুখপাত্র।

ড. ইলিয়াস আরও বলেন, মসজিদসংলগ্ন কবরস্থানটিও ওয়াক্ফের নথিভুক্ত সম্পত্তি। মসজিদের ইমামকে ওয়াক্ফ বোর্ড থেকে বেতন দেওয়া হয়। এসব নথি থাকা সত্ত্বেও মসজিদটিকে সরকারি জমিতে অবৈধ দখল হিসেবে চিহ্নিত করার বিষয়ে তিনি আপত্তি জানান।

তিনি সরকারের প্রতি নথিপত্রের ভিত্তিতে বিষয়টি পুনর্বিবেচনা, মসজিদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম বন্ধ, বিদ্যুৎ ও পানির সংযোগ পুনর্বহাল এবং মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে মসজিদ, মাদরাসা ও অন্যান্য ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ড. ইলিয়াস। এ প্রসঙ্গে বারানসি ও অযোধ্যার ধর্মীয় স্থাপনাকে ঘিরে বিরোধ এবং উচ্ছেদ কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় স্থাপনাকে লক্ষ্যবস্তু করা সাংবিধানিক নীতি, ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী।

সবশেষে ন্যায়বিচারে বিশ্বাসী ও ধর্মপ্রাণ নাগরিকদের ধর্মের নামে পরিচালিত রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংবিধানে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।

সূত্র: মিল্লাত টাইমস উর্দু

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ