রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সহজ, বোধগম্য ও আকর্ষণীয় করে তুলে ধরতে ‘সিরাহ মিউজিয়াম’ চালুর উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও হাসানাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারী।
রোববার (২০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে আজহারী সিরাহ মিউজিয়াম কী, কীভাবে কাজ করবে এবং কখন থেকে শুরু হবে তার আদ্যোপান্ত তুলে ধরেন। আজহারীর পোস্টটি এখানে হুবহু তুলে ধরা হলো।
আলহামদুলিল্লাহ, শিক্ষাখাতে উন্নয়ন ও গবেষণায় নিবেদিত অলাভজনক প্রতিষ্ঠান— হাসানাহ ফাউন্ডেশন সম্প্রতি যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠার মাত্র অল্প সময়ের মধ্যে আপনাদের আন্তরিক সমর্থন ও ভালোবাসা ফাউন্ডেশনের দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আর সেই দায়বদ্ধতা থেকেই হাসানাহ ফাউন্ডেশন দ্রুততম সময়ের মধ্যে পূর্বঘোষিত প্রজেক্ট— ‘সিরাহ মিউজিয়াম’ চালু করবার উদ্যোগ গ্রহণ করেছে।