নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় বাংলাদেশিসহ প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, আল্লাহর মেহমান ও নিরীহ উমরাযাত্রীদের জীবন বিপন্ন করে এমন সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রোববার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও আবেগের স্থান। দেশটিতে অবস্থিত পবিত্র কাবা শরিফ ও মদিনা মুনাওয়ারায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক মুসলমানদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কেন্দ্র। সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা সমগ্র মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির ওপর যেকোনো ধরনের হামলা মুসলিম বিশ্ব মেনে নেবে না।
তিনি বলেন, এ ধরনের হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে এবং সহিংসতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। বাংলাদেশ সরকারও এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলায় ক্ষতিগ্রস্ত উমরা কাফেলার দায়িত্বশীল মোহাম্মদ আলী কাশেমীর সঙ্গে কথা বলে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন ধর্মমন্ত্রী। আহত বাংলাদেশিদের চিকিৎসা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। এর আগে শনিবার রাতেও উমরাযাত্রীদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে প্রয়োজনীয় সহযোগিতা করেন তিনি।
ধর্মমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও উমরাযাত্রীদের চিকিৎসা, নিরাপদ আবাসন এবং পবিত্র মক্কা ও মদিনায় যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।
তিনি বলেন, হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সরকার। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত অন্য বাংলাদেশি নাগরিক ও উমরাযাত্রীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
উমরাযাত্রীদের চিকিৎসা, নিরাপদ আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতার জন্য সৌদি আরব সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের পাশে থাকবে।
আইও/