বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হুতিদের হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপের প্রেক্ষাপটে ঢাকা থেকে সৌদিগামী মোট ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ১৩ হাজার ৪৯০ জন যাত্রীর ভ্রমণ অনিশ্চয়তার মুখে পড়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।

বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংস্থাটির সর্বশেষ হিসাব অনুযায়ী, ফ্লাইট বাতিলের কারণে বিপুলসংখ্যক যাত্রী ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রীর ভ্রমণসূচি ব্যাহত হওয়ায় তাদের গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে এসব এয়ারলাইনসের ৩৬টি সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইন্ডিগো এয়ারলাইনসের ওপর। প্রতিষ্ঠানটির ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব এয়ারলাইনসের মোট ৫০টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে।

সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে মোট ৮৬টি ফ্লাইট বাতিল হওয়ায় ১৩ হাজার ৪৯০ জন যাত্রীর যাত্রা ব্যাহত হয়েছে। পরিস্থিতির কারণে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। পাশাপাশি নতুন করে ফ্লাইটের সময় নির্ধারণ ও বিকল্প ভ্রমণব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ