ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তারপর সাবেক মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগের অনেক নেতাই দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে অগণিত মামলা হয়েছে, শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ কি আর রাজনীতি করতে পারবে?
এদিকে, অন্তর্বর্তী সরকার, বৈষম্যবিরোধী ছাত্রনেতারা ও দেশের বিভিন্ন রাজনৈতিক দল অবশ্য বলছে- গণহত্যার বিচারের পরই কেবল আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে। দাবি উঠেছে, দেশের জনগণের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার।
এমতাবস্থায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে শেয়ারও করা হয়েছে।